২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর'

যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে 'দুই ভাগ' করেছিল সেই দলের সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করাই এবার এরশাদের 'মূল লক্ষ্য'। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় এমনই দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে 'দুই ভাগ' করেছিল সেই দলের সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করাই এবার এরশাদের 'মূল লক্ষ্য'। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় এমনই দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। শনিবার দুপুরে মুন্সিগঞ্জের এক জনসভায় এরশাদ বলেন, "আমি সরকার গঠনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। অথচ সরকার গঠনের পর আওয়ামী লীগ আমার দলকে দুই ভাগ করে।" এর পরপরই নারায়ণগঞ্জে গিয়ে আরেক জনসভায় এই সাবেক রাষ্ট্রপতি বলেন, "আমার মূল লক্ষ্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা ও আমার নতুন বাংলাদেশ গড়া।" বিকাল ৫টায় নারায়ণগঞ্জের বন্দর থানার সিরাজউদ্দৌলা ক্লাব মাঠের এ জনসভায় এরশাদ নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির নাসিম ওসমানকে পরিচয় করিয়ে দেন। এখানেও তিনি নিজেকে শেখ হাসিনার 'বড় ভাই' দাবি করে নৌকা ও লাঙ্গলের পক্ষে ভোট চান। এরশাদ বলেন, "শেখ হাসিনাকে জয়ী করে আমাকে সন্মানিত করুন। যদি দেশ ও জনগণকে বাঁচাতে চান, তাহলে নৌকা ও লঙ্গল মার্কার প্রার্থীদের বিজয়ী করুন।" জনসভা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হন জাতীয় পার্টি চেয়ারম্যান। অন্যদের মধ্যে আওয়ামী লীগের জেলা যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ভূঁইয়াসহ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জেলা ও থানা পর্যায়ের নেতারা জনসভায় উপস্থিত ছিলেন। এর আগে দুপুরের পর মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচরে নির্বাচনী জনসভা করেন এরশাদ। সেখানে তিনি বলেন, "আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। ১৯৯৬ এর নির্বাচনে আমরা ৩২টি আসনে জিতেছিলাম। ওই সময় কারাগারে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আওয়ামী লীগকে সমর্থন না করতে। কিন্তু আমি সরকার গঠনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। অথচ সরকার গঠনের পর আওয়ামী লীগ আমার দলকে দুই ভাগ করে।" এরশাদ আরও বলেন, "গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় কোথাও নৌকা, কোথাও লাঙলের পক্ষে ভোট চেয়েছি। কিন্তু এখানে দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে লাঙলের পক্ষে ভোট চাইতে হলো। "শেখ হাসিনার প্রতি আমার অনুরোধ- যে সব আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, ওই সব আসন থেকে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহার করে নিন। আমি কথা দিচ্ছি, মহাজোটকে বিজয়ী করে আনবই।" ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মুজিবর রহমান। এই আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন মো. ইদ্রিস আলী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলামও এ আসনেরই প্রার্থী। সকালে বারিধারায় নিজের বাসা 'প্রেসিডেন্ট পার্ক' থেকে মুন্সিগঞ্জ রওনা হওয়ার আগে এরশাদ কড়াইল বস্তিতে একটি জনসভায় বক্তব্য রাখেন। ওই বস্তি এরশাদের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর অন্তর্ভুক্ত। এ আসনে লাঙল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী তিনি। জনসভায় এরশাদ বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে বস্তিবাসীকে পুনর্বাসিত করা হবে। আপনাদের ঘর বানিয়ে দেওয়া হবে, বস্তিতে আর থাকতে হবে না।" দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/জেকে/জিএনএ/১৮৩০ ঘ.