২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবুর রহমান আবার জাপায়

জাতীয় পার্টিতে ফিরে এসেছেন সাবেক মন্ত্রী ও সাংসদ অ্যাডভোকেট মাহবুবুর রহমান। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বিএনপি প্রার্থী হিসেবে গত দুই নির্বাচনে বিজয়ী এই সংসদ সদস্য শনিবার দুপুরে এইচএম এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 08:51 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টিতে ফিরে এসেছেন সাবেক মন্ত্রী ও সাংসদ অ্যাডভোকেট মাহবুবুর রহমান। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বিএনপি প্রার্থী হিসেবে গত দুই নির্বাচনে বিজয়ী এই সংসদ সদস্য শনিবার দুপুরে এইচএম এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন। শনিবার মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারে বের হওয়ার আগ মুহূর্তে বারিধারায় এরশাদের বাসভবনে যান মাহবুবুর। এরশাদ ক্ষমতায় থাকাকালে মাহবুবুর রহমান রহমান মন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ দেন। এবার নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। মহাজোট প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের মৃত্যুর কারণে নোয়াখালী-১ আসনে নির্বাচন পেছানো হয়েছে। ওই আসনে নির্বাচন হবে আগামী ১২ জানুয়ারি। মুন্সিগঞ্জ রওনা হওয়ার আগে বারিধারা সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এরশাদ। পরে তিনি কড়াইল বস্তিতে একটি জনসভায় বক্তব্য রাখেন। ওই বস্তি এরশাদের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর অন্তর্ভুক্ত। এ আসনে লাঙল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী তিনি। ওই আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপি নেতা আসম হান্নান শাহ। জনসভায় এরশাদ বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে বস্তিবাসীকে পুনর্বাসিত করা হবে। আপনাদের ঘর বানিয়ে দেওয়া হবে, বস্তিতে আর থাকতে হবে না।" দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন মহাজোট নেতা এরশাদ। কড়াইলে জনসভা শেষে এরশাদ মুন্সিগঞ্জের পথে রওনা হন। নারায়ণগঞ্জে প্রচার চালিয়ে শনিবারই তার ঢাকায় ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৫২ ঘ.