২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরের দুঃখ-যন্ত্রণার অবসানে ধানের শীষে ভোট দিন: খালেদা

গত দুই বছরে দেশের মানুষ দুঃখ-যন্ত্রণায় ছিল দাবি করে সে অবস্থার অবসানে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। শনিবার গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 07:22 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

গাজীপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুই বছরে দেশের মানুষ দুঃখ-যন্ত্রণায় ছিল দাবি করে সে অবস্থার অবসানে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। শনিবার গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান। দক্ষিণ ও উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচার চালিয়ে বিএনপি চেয়ারপারসন শনিবার গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলে প্রচার চালাচ্ছেন। জনসভায় খালেদা জিয়া বলেন, "গত দুই বছরে দেশের মানুষ অনেক দুঃখ-যন্ত্রণা ভোগ করেছে। এ অবস্থার অবসান ঘটাতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবার ক্ষমতায় পাঠাতে হবে।" তিনি বলেন, "দেশের মানুষ আর ষড়যন্ত্র দেখতে চায় না। লগি-বৈঠার নৈরাজ্যকর রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই স্বাধীনতা রক্ষা ও উন্নয়নের জন্য ২৯ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে চারদলীয় জোটকে ক্ষমতায় পাঠাতে হবে।" স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, "ওই সময় দেশ গণতন্ত্রহীন ছিল; চারটি পত্রিকা ছাড়া আর সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়।" বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় গেলে খাদ্য উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশ্বাস দেন খালেদা জিয়া। কোনাবাড়ির জনসভায় গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ আসনের প্রার্থী হাসানউদ্দিন সরকার ও গাজীপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানের জন্য ভোট চান খালেদা জিয়া। জনসভা শেষে খালেদা জিয়ার গাড়িবহর টাঙ্গাইলের পথে রওনা হয়। পথে টাঙ্গাইলের সখিপুরের নলুয়াবাজারে এক পথসভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য ভোট চান তিনি। টানা তিন দিন উত্তরাঞ্চল সফর শেষে শুক্রবার ঢাকা ফেরেন খালেদা জিয়া। ওই অঞ্চলে রাতভর প্রচারণা চালান তিনি। ফলে গাজীপুরে জনসভায় বক্তব্য রাখার সময় খালেদা জিয়ার কণ্ঠস্বর ভাঙা শোনাচ্ছিল। গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিন দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৩ ঘ.