২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপির মিছিলে হামলা, আহত ৫

কিশোরগঞ্জ সদর উপজেলায় শুক্রবার রাতে বিএনপির দু'টি নির্বাচনী মিছিলে হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ হামলার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছে স্থানীয় বিএনপি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 06:51 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলায় শুক্রবার রাতে বিএনপির দু'টি নির্বাচনী মিছিলে হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ হামলার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছে স্থানীয় বিএনপি নেতারা। আহতরা হলেন- হাবিবুর রহমান (৪৫), মহরম আলী (৩০), তানজিল (৩৫), গোলাপ (৪০) ও বজলুর রহমান (৩০)। হাবিবুর রহমান ও বজলুর রহমানকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রথম হামলাটি হয়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌদ্দশত বাজারে। চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিছিল চলাকালে একদল লোক লাঠিসোটা নিয়ে পেছন থেকে হামলা চালায়। এতে হাবিবুর রহমান, মহরম, তানজিল ও গোলাপ আহত হন।" তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছে। কিশোরগঞ্জের জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন জানান, দ্বিতীয় হামলাটি হয় রাত সাড়ে ৯টার দিকে, শাদুল্লা বাজারে। এতে বজলুর রহমান আহত হন। এ হামলার জন্যও আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেন সুমন। নির্বাচনী মিছিলে হামলা হওয়ার পর শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল করে বিএনপি। মিছিল শেষে ইসলামীয়া ছাত্রাবাস প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে দলটির কর্মীরা। হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান ও বজলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় তারা মামলা করবেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "এ ব্যাপারে তদন্ত চলছে।" এ ঘটনায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৪৫ ঘ.