২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র করে আমার জনসভাগুলো ঠিকমতো প্রচার করা হচ্ছে না: খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও অভিযোগ করেছেন, তার জনসভাগুলো গণমাধ্যমে ঠিকমতো প্রচার করা হচ্ছে না। শুক্রবার রাতে কেরানীগঞ্জে এক জনসভায় তিনি এ অভিযোগ করেন। তার দাবি, এটি চারদলের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তূজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 04:45 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও অভিযোগ করেছেন, চারদলের বিরুদ্ধে 'ষড়যন্ত্রের' অংশ হিসেবে তার জনসভাগুলো গণমাধ্যমে ঠিকমতো প্রচার করা হচ্ছে না। সরকার টেলিভিশনগুলো নিয়ন্ত্রণ করছে- এমন সন্দেহও প্রকাশ করেছেন তিনি। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জে চুনপুটিয়া গার্লস হাইস্কুল মাঠে এক জনসভায় তিনি এ অভিযোগ করেন। খালেদা বলেন, "নির্বাচন বানচালসহ আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার জনসভাগুলো ঠিকমতো গণমাধ্যমে প্রচার করা হচ্ছে না। অথচ আমার সঙ্গে একদল সাংবাদিক রয়েছেন। এই ঠাণ্ডার মধ্যে না খেয়ে, না ঘুমিয়ে তারা কাজ করে যাচ্ছেন, অথচ তাদের শ্রমের ফল তারা দেখতে পাচ্ছেন না। কেননা টেলিভিশনগুলো তা ঠিকমতো প্রচার করছে না। শুনেছি জরুরি অবস্থা উঠে গেছে, তারপরও কি এগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে?" এর আগে বৃহস্পতিবার রাতে রাজশাহীতে এক জনসভায় বিএনপি চেয়ারপারসন একই অভিযোগ করেন। শুক্রবার কেরানীগঞ্জের জনসভায় ঢাকা-৩ আসনে চার দলের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ভোট চান খালেদা। নির্বাচনের ফল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা 'ইঞ্জিনিয়ারিং' না করার জন্য নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, "কমিশন দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। তাদের কাজ নিয়ে জনমনে সন্দেহ-সংশয় তৈরি হয়েছে। এ সংশয় এখনো কাটেনি। নির্বাচন ও নির্বাচনের ফলাফল নিয়ে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করা হলে তার পরিণতি ভালো হবে না।" কেরানীগঞ্জকে আধুনিক শহরে পরিণত করার প্রতিশ্র"তি দিয়ে এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, "এ জন্য যা যা করা প্রয়োজন ক্ষমতায় গেলে আমি তাই করব। কিন্তু তার আগে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একমাত্র জোট সরকার ক্ষমতায় এলেই এটা সম্ভব।" স্থানীয় বিএনপি নেতা নাজিমুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায়, জামায়তের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। কেরানীগঞ্জ আসার আগে কামরাঙ্গীর চরে হোলামুড়া ঘাট বালুর মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন খালেদা জিয়া। সেখানে তিনি বুড়িগঙ্গার ওপর আরেকটি সেতু নির্মাণের প্রতিশ্র"তি দেন এবং ঢাকা-২ আসনে চার দলের প্রার্থী বিএনপির মতিউর রহমান মতিনের জন্য ভোট চান। দুই দিনের নির্বাচনী প্রচারকাজে উত্তরাঞ্চল সফর শেষে বিএনপি চেয়ারপারসন শুক্রবার দুপুরে ঢাকা ফেরেন। বিকেলেই ঢাকায় আবার প্রচারাভিযান শুরু করেন তিনি। গত শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/জেকে/এসকে/২২৩৮ঘ.