চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-৬ (রাঙ্গুনিয়া) আসনের কেরানীবাজার এলাকায় শুক্রবার বিকেলে আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে হামলা চালিয়েছে বিএনপি দলীয় কর্মী-সমর্থক।
এতে আওয়ামী লীগের ১০ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. হাসান মাহমুদ অভিযোগ করেন, শুক্রবার বিকেলে তার সমর্থনে বোয়ালখালী থানার কেরানীবাজার এলাকায় মিছিল বের করলে আজিজুল হক চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন কাদের চৌধুরীর কর্মীরা হামলা চালায়। এতে আওয়ামী লীগের ১০ কর্মী আহত হয়।
হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, "ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে এলেও বিএনপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমার দলের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।"
এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান হাসান মাহমুদ।
বোয়ালখালী থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদ হামলার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি প্রার্থী সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২২০০ঘ.
bdnews24