২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক পেলেন ম খা আলমগীর, মনজুর কাদেরসহ ৬ জন

আদালতের রায় নিয়ে বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ৬ জন শুক্রবার নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এদের মধ্যে চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর ও ঢাকা-৫ এ হাবিবুর রহমান মোল্লাকে নৌকা এবং সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও বরিশাল-১ আসনে আব্দুস সোবহানকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মইনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় নিয়ে বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ৬ জন শুক্রবার নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এদের মধ্যে চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর ও ঢাকা-৫ এ হাবিবুর রহমান মোল্লাকে নৌকা এবং সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও বরিশাল-১ আসনে আব্দুস সোবহানকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে সংশ্লিষ্ট আসনের সংশোধিত প্রার্থী তালিকা শুক্রবার নির্বাচন কমিশনে পাঠান। আদালত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম অন্তর্ভুক্তির আদেশ দেওয়ার পর শুক্রবার কমিশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, আদালত ১৮ ডিসেম্বর পর্যন্ত অন্তত ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার আদেশ দিয়েছে। নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বাতিল করেছিল। গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ১৫৩৮ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে। কমিশন সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, "আদালতের রায় নিয়ে যারা এসেছেন তাদের প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যোগ্য হলে প্রার্থী প্রতীক পাবেন। কাগজপত্রে ত্র"টি থাকলে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।" শুক্রবার প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-৫ অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের (ধানের শীষ), ঢাকা-৫ এ হাবিবুর রহমান মোল্লা (নৌকা), চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর (নৌকা), বরিশাল-১ আসনে আব্দুস সোবহান (ধানের শীষ), ভোলা-৩ আসনে সিদ্দিকুর রহমান মান্না (পান) এবং যশোর-২ আসনে বিএন সেলিম রেজা (কুলা)। চাঁদপুর-১ আসনে এর আগে মীর মো. ইকবাল হোসেন নৌকা প্রতীক বরাদ্দ পান। শুক্রবার মহীউদ্দীন খান আলমগীর আওয়ামী লীগের জন্য বরাদ্দ নৌকা প্রতীক পাওয়ায় ইকবাল হোসেনের প্রার্থিতা বাতিল হয়ে গেল। একই আসনে একেএসএম শহীদুল ইসলাম আদালতের রায় তার পক্ষে পেলেও জাতীয় পার্টির দলীয় প্রধানের পাঠানো তালিকায় নাম না থাকায় তাকে প্রতীক দেয়নি কমিশন। এছাড়া সিরাজগঞ্জ-৫ আসনের গোলাম মওলা খান বাবলু, ময়মনসিংহ-৪ এ মো. মতিউর রহমান, পটুয়াখালী-২ এ শহীদুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-৩ এ বরুণ কুমার বিশ্বাস, নরসিংদী-৫ এ শহীদুল ইসলাম, চট্টগ্রাম-১১ এ জাফর আহেমদ ভূঁইয়া, কুমিল্লা-১১ এ কাজী জাফর আহমদ, টাঙ্গাইল-৭ এ দেওয়ান নজরুল ইসলাম, চট্টগ্রাম-৩ এ শচীন্দ্র লাল দে, কুমিল্লা-১০ এ আব্দুল গফুর ভুঁইয়া, নেত্রকোনা-৪ এ লুৎফুজ্জামান বাবর, মৌলভীবাজার-২ এ আতাউর রহমান শামীম, দিনাজপুর-৬ এ আজিজুল হক চৌধুরী এবং লক্ষ্মীপুর-২ আসনে কবির আহমদ ভূঁইয়াকে উচ্চ আদালত প্রার্থী হিসেবে বৈধতা দিতে বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/জেকে/এসকে/২১৫৩ঘ.