২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে চায় রাজশাহীর নতুন ভোটাররা: জরিপ

রাজশাহীর প্রায় ৮০ শতাংশ নতুন ভোটার মনে করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধীদলকে দিলে ভাল হবে। প্রায় ৬০ শতাংশ স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নারী প্রতিনিধিত্ব সমর্থন করেন। এদের প্রায় ৮৬ শতাংশ ভোটার সাংসদদের দীর্ঘ মেয়াদে সংসদ বর্জন সমর্থন করেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

রাজশাহী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর প্রায় ৮০ শতাংশ নতুন ভোটার মনে করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধীদলকে দিলে ভাল হবে। প্রায় ৬০ শতাংশ স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নারী প্রতিনিধিত্ব সমর্থন করেন। এদের প্রায় ৮৬ শতাংশ ভোটার সাংসদদের দীর্ঘ মেয়াদে সংসদ বর্জন সমর্থন করেন না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এক জরিপে এ তথ্য জানা গেছে। শুক্রবার দুপুরে সনাকের মহনগরীর মিয়াপাড়া কার্যালয়ে সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে অংশগ্রহণকারীরা এবার নতুন ভোটার হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং টিআইবি'র ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) পরিচালিত 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোটারদের ভাবনা' শীর্ষক এ জরিপ পরিচালনা করে। জরিপে অংশ নেওয়া ৪১২ জন নতুন ভোটারের মধ্যে ৩০৩ জন শিক্ষার্থী, ৮৯ জন নারী, ১১ জন পুরুষ চাকরিজীবী ও ৯ জন পুরুষ ব্যবসায়ী। জরিপ উদ্ধৃত করে সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন ভোটারের ৭৯ দশমিক ৮৯ শতাংশ সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের সদস্য চান। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নারী প্রতিনিধিত্ব সমর্থন করেন ৬০ দশমিক ১৯ শতাংশ। আবার এদের ৮৬ দশমিক ০৪ শতাংশ ভোটার সাংসদদের দীর্ঘ মেয়াদে সংসদ বর্জন সমর্থন করেন না। সংসদ সদস্য হিসেবে রাজনীতিবিদকে পছন্দ করেন ৭৬ দশমিক ১১ শতাংশ। এবার ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা বিবেচনায় নেবেন ৯১ দশমিক ২৪ শতাংশ ভোটার। দলীয় প্রতীক বিবেচনায় ৮ দশমিক ৭৬ শতাংশ এবং নাগরিক অধিকার বলে নিজের বিবেচনায় ৫৫ দশমিক ৮৭ শতাংশ অংশগ্রহণকারী ভোট দেবেন। গণতন্ত্রের ভিত মজবুত করতে ৩৯ দশমিক ৯০ শতাংশ এবং পছন্দের দলকে জেতানোর জন্য ৪ দশমিক ২৩ শতাংশ ভোট দেবেন। জরিপে অংশগ্রহণকারীর ১৬ দশমিক ৫৮ শতাংশ মনে করেন সাংসদদের দায়িত্ব আইন প্রণয়ন করা এবং ৮২ দশমিক ৬৪ শতাংশ মনে করেন তাদের দায়িত্ব এলাকার উন্নয়ন করা। স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর সাংসদদের কর্তৃত্ব ৭৯ দশমিক ৬৭ শতাংশ ভোটার সমর্থন করেন না। জাতীয় সংসদে স্পিকারের নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন ৯২ দশমিক ৪৮ শতাংশ ভোটার। জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন ৫৯ দশমিক ৮৯ শতাংশ ভোটার। সংসদীয় কমিটির মাধ্যমে জাতীয় সংসদের কর্মকাণ্ড গতিশীল করার পক্ষে মত দেন ৯৪ দশমিক ০৮ শতাংশ ভোটার। সাংসদ হিসেবে প্রগতিশীল ব্যক্তিকে পছন্দ করেন ৭২ দশমিক ৬০ শতাংশ এবং ধর্মীয় রক্ষণশীল পছন্দ করেন ১৬ দশমিক ২৪ শতাংশ অংশগ্রহণকারী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টিআইবি'র ইয়েস সদস্য ইফতিয়া ওহাব তকি ও হোজ্জাতুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সনাকের যুগ্ম-আহবায়ক অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সদস্য অধ্যাপক আব্দুস সালাম, সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, ইয়েস উপ-কমিটির আহ্বায়ক মনিরা রহমান মিঠি, টিআইবি'র কর্মসূচি কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা জেসমিন আক্তার পান্না প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৪ ঘ.