মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
যশোর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছেন, ২২ জানুয়ারির নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে না পেরেই তার এত ক্ষোভ।
দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের শেষ দিনে শুক্রবার যশোরে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী এ কথা বলেন। অসাম্প্র্র্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। বুধবার তিনি নিজ জেলা গোপালগঞ্জে গণসংযোগ করেন। বৃহস্পতিবার বাগেরহাট ও খুলনায় জনসভা করেন তিনি।
শুক্রবার দুপুরের পর যশোর ঈদগাহ ময়দানে জনসভায় শেখ হাসিনা বলেন, "চারদলীয় জোট সরকারের সময় দেশের মানুষ কিছু পায়নি। উন্নয়ন না করেই সে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।
"বিদ্যুতের নামে ২০ হাজার কোটি টাকা লুটপাট করা হলো। মানুষ বিদ্যুত পেল না, পেল শুধু খাম্বা। এর মধ্যেই, লুটপাট করা টাকা বিদেশে পাচার করা হয়। বিদেশে কিভাবে টাকা পাচার করা হয়েছে, তা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে।"
নাম উল্লেখ না করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, "কারচুপি করে ক্ষমতায় যেতে পারেননি বলেই ওনার মনে এত ক্ষোভ। উনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিলেন- তা প্রমাণ হয়ে গেছে। তারা ২২ জানুয়ারির নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চেয়েছিলো। এজন্যই এক কোটিরও বেশি ভুয়া ভোটার তালিকাভুক্ত করা হয়।"
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আজ (শুক্রবার) পত্রিকায় দেখলাম, এক নেত্রী বলেছেন, 'আমাদের জনসভায় মানুষ হয় না'। আমি তাকে বলব, দেখে যান মানুষ হয়, কী হয় না। উনি চাইলে ওনাকে ভিডিও ফুটেজও পাঠিয়ে দিতে পারব।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার দিনাজপুরে এক জনসভায় বলেন, "দেশের বিভিন্ন স্থানে আমি সারারাত ধরে নির্বাচনী প্রচার চালিয়েছি। সবখানে মানুষের ঢল নেমেছে। কিন্তু অন্যদের ক্ষেত্রে তা হচ্ছে না। তাই ভাবছি, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে কি না।"
বর্তমান সরকার ও সেনাবাহিনী একটি নির্ভুল ভোটার তালিকা করেছে- এ কথা জানিয়ে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ দেন।
যশোর শহরে শেখ হাসিনার গাড়িবহর ঢোকার পর জনসভা মঞ্চ পর্যন্ত আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে আওয়ামী লীগ সভানেত্রীকে স্বাগত জানায়। মাঠে ঠাঁই না থাকায় মুজিব সড়ক, এমএম আলী রোড, জজকোর্ট চত্বর ও প্রেসক্লাব এলাকায় অবস্থান নেয় জনতা। ফলে শহরের মূল এই সব সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অনেককে বিভিন্ন বাড়ির ছাদ ও গাছে উঠেও বক্তৃতা শুনতে দেখা যায়।
শেখ হাসিনা যশোরবাসীকে প্রতিশ্র"তি দিয়ে বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। খনন করে কপোতাক্ষ নদের গভীরতা বাড়ানো হবে। বেনাপোল স্থল বন্দরকে আরও আধুনিক করা হবে।"
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে ওই জনসভায় শেখ হাসিনা যশোর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের প্রার্থী মোস্তফা ফারুক মোহাম্মদ, যশোর-৩ আসনের প্রার্থী খালেদুর রহমান টিটো, যশোর-৪ আসনের প্রার্থী রণজিত কুমার রায়, যশোর-৫ আসনের প্রার্থী খান টিপু সুলতান এবং যশোর-৬ আসনের প্রার্থী শেখ আব্দুল ওহাবকে পরিচয় করিয়ে তাদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
যশোরের পর ঝিনাইদহের কালীগঞ্জ, সদরে দুটি জনসভায় ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম অপু এবং ঝিনাইদহ-১ আসনের প্রার্থী আবদুল হাইয়ের পক্ষে ভোট চান।
এরপর মাগুরা শহরের আদর্শ মহাবিদ্যালয় মাঠে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডা. সিরাজুল আকবর এবং মাগুরা-২ আসনের প্রার্থী বীরেণ সিকদারের সমর্থনে জনসভা করেন তিনি।
এরপর ফরিদপুর ও রাজবাড়িতে জনসভা করে রাতেই শেখ হাসিনার ঢাকায় ফেরার কথা।
এদিকে সকালে নড়াইলে জনসভায় শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচন দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। দুর্নীতিবাজ ও জঙ্গিদের হটিয়ে সমৃদ্ধ ও অসা
bdnews24