ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত হলে কার্যকর জাতীয় সংসদ ও দেশে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থন জানাবেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
আসন্ন নির্বাচনে নরংসিদী-৩ আসনে এই প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। মান্নান ভুঁইয়া গত চারটি সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন।
শুক্রবার সকালে শিবপুরের চক্কবা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী জনসভায় নিজের জন্য ভোট চেয়ে মান্নান ভূঁইয়া বলেন, "এবার আমি সর্বদলীয় প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও ভোট চাইতে এসেছি। বিএনপি ও আওয়ামী লীগসহ সব দলের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন।
"আগের নির্বাচনগুলোতে আমি একটি দলের প্রতিনিধি ছিলাম। এবার আমি কোনও দলের নয়, শিবপুর-রায়পুরাবাসীর প্রার্থী হয়েছি।"
মান্নান ভূঁইয়া বলেন, "আমি ৪০ বছর আপনাদের সেবা করেছি। আপনাদের সঙ্গে ছিলাম, আগামীতেও থাকব। এই শিবপুর আমার একমাত্র পরিচয়। মুক্তিযুদ্ধে আপনাদের নিয়ে এ অঞ্চলকে হানাদারমুক্ত রেখেছি। আপনারাই আমার শক্তি ও অহঙ্কার।"
নির্বাচিত হলে সংসদকে কার্যকর করার উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন জানাবেন- এই প্রতিশ্র"তি দিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, "গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা দিতে হলে জাতীয় সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে হবে। এর কোনও বিকল্প নেই। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। প্রতিহিংসা ও নেতিবাচক রাজনীতির ধারা বদলে ফেলতে হবে।"
শিবপুরের চক্কবা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় গ্রামের মানুষজন বিশেষ করে নারী ভোটাররা মান্নান ভুঁইয়াকে 'হাঁস খাবে ধানের শীষ, মান্নান ভূঁইয়ার হবে জিত' শ্লোগান দিয়ে স্বাগত জানায়।
নির্বাচিত হলে কৃষি উপকরণের দাম কমানো, বেকার সমস্যা নিরসনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার বিষয়ে সংসদে ভূমিকা রাখার প্রতিশ্র"তি দিয়ে মান্নান ভূইয়া বলেন, "আমি সংসদে এ বিষয়গুলো দ্রুত কার্যকর করার জন্য কাজ করব। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগ, কর্মকমিশন ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষভাবে কাজ করার উদ্যোগ নিতে হবে।
"নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সব মতভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে।"
শিবপুর বিএনপির আহবায়ক আবুল হারিছ রিকাবদার, আরিফুল ইসলাম মৃধাসহ বিভিন্ন দলের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা মান্নান ভূঁইয়ার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪৩০ ঘ.
bdnews24