মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
নড়াইল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচন দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। দুর্নীতিবাজ ও জঙ্গিদের হটিয়ে সমৃদ্ধ ও অসাম্প্র্র্রদায়িক বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের শেষ দিনে শুক্রবার নড়াইলে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী এ আহ্বান জানান। জনসভায় নড়াইল-১ আসনে মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসের পক্ষে ভোট চান তিনি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। বুধবার তিনি নিজ জেলা গোপালগঞ্জে গণসংযোগ করেন। বৃহস্পতিবার বাগেরহাট, খুলনায় জনসভা করে রাতে আবার টুঙ্গিপাড়া ফেরেন হাসিনা। শুক্রবার মাগুরা, যশোর ও ফরিদপুরে প্রচার চালিয়ে তার ঢাকায় ফেরার কথা।
সফরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী।
শুক্রবার সকালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ মাঠে জনসভায় শেখ হাসিনা বলেন, "আসন্ন সংসদ নির্বাচন হবে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অসাম্প্র্র্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াই।"
তিনি বলেন, "লুটেরারা বাংলার মানুষের সম্পদ কেড়ে নিয়ে বিদেশে পাচার করেছে। এই লুটেরা, সন্ত্রাসী এবং যারা দেশের সম্পদ বিদেশ পাচার করেছে, তাদের হাত থেকে দেশকে বাঁচাতে আপনাদের ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে হবে।"
শেখ হাসিনা জনসভায় নড়াইল-১ আসনে (কালিয়া ও সদরের একাংশ) মহাজোট প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস এবং নড়াইল-২ আসনে (লোহাগড়া ও সদরের একাংশ) আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকেরের পক্ষে ভোট চেয়েছেন।
মহাজোট ক্ষমতায় গেলে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, "আমি এই এলাকা থেকে আগেও দুই বার নির্বাচিত হয়েছি। এই এলাকার সমস্যাগুলো আমি জানি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমার।"
কনকনে ঠাণ্ডার মধ্যেই সকাল থেকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে জনসভায় আসেন।
বৃহস্পতিবার খুলনায় জনসভায় মংলা বন্দর সচল করার প্রতিশ্র"তি দিয়ে শেখ হাসিনা বলেন, মহাজোট ক্ষমতায় গেলে মংলা বন্দর সচল করা হবে। নতুন কল-কারখানা স্থাপন করে শিল্পনগরী খুলনার প্রাণচাঞ্চল্য আবার ফিরিয়ে আনা হবে।
উপকূলীয় এলাকায় চিংড়ি চাষীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া এবং চিংড়ি সংরক্ষণ এবং রপ্তানি সহজ করার আশ্বাসও দেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের একদিন পরই মঙ্গলবার শেখ হাসিনা ওই অঞ্চলে রওনা হন। একই অঞ্চলে নির্বাচনী সফর করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও।
আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দল ছাড়াও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে তাতে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসইউএম/এফএফ/এমআই/১৪১৬ ঘ.
bdnews24