২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চারদল আবার এলে লুটপাটের রাজত্ব চলবে: এরশাদ

বিএনপি-জামায়াত জোট সরকার আবারও ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম হবে বলে আশংকা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শুক্রবার বরিশালের এক জনসভায় একথা বলেন তিনি। এরশাদের দক্ষিণাঞ্চল সফরের খবর জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 07:14 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

বরিশাল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি জামায়াত জোট সরকার আবারও ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম হবে বলে আশংকা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দক্ষিণাঞ্চল সফরের শেষ দিন শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বরিশালের মুলাদি ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, "জাতি আর ধ্বংসের দিকে যেতে চায়না বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।" এজন্য তিনি দেশবাসীকে নৌকা ও লাঙ্গল মার্কার প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় তিনি বরিশাল-৩ ও বরিশাল-৬ আসনে জাতীয় পার্টি প্রার্থী যথাক্রমে গোলাম কিবরিয়া টিপু ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে ভোট দেওয়ার আহ্বান জানান। নিজেকে আবারো শেখ হাসিনার বড় ভাই দাবি করে এরশাদ বলেন, "আমাদের বন্ধন ভাই বোনের বন্ধন যা চির অটুট থাকবে। এ বন্ধন কেউই ছিন্ন করতে পারবেনা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে পারতাম না। দেশকে বাঁচাতে মহাজোটকে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই।" জনসভা শেষে ১২টার দিকে তিনি বাবুগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। বিকেলে বাকেরগঞ্জে একটি নির্বাচনী জনসভা করার কথা রয়েছে তার। এর আগে তিনি খুলনার খালিশপুর, পিরোজপুর ও সাতক্ষীরায় জনসভায় বক্তব্য দেন। নির্র্বাচনের প্রচারণার জন্য তিনি বুধবার সকালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৩০৮ ঘ.