নাটোর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানের শীষকে গণতন্ত্র, উন্নয়ন এবং উৎপাদনের প্রতীক আখ্যায়িত করে ভোট চাইলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার ভোরে নাটোরের কানাইখালি স্টেডিয়ামের মাঠে এক জনসভায় তিনি এ আহ্বান জানান।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ধানের শীষ বহু দলীয় গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক ও উৎপাদনের প্রতীক। ধানের শীষ স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক। এই ধানের শীষ সমৃদ্ধিরও প্রতীক।"
নাটোর-২ (সদর) আসনের চারদলীয় জোটের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবির হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, "আপনারা ছবির স্বামী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। তিনি নাটোরের ব্যাপক উন্নয়ন করেছেন।"
তিনি আরো বলেন, "আমি প্রথম যখন নাটোরে এসেছিলাম তখন নাটোরে ভাঙ্গা রাস্তাঘাট ছাড়া কিছুই ছিল না। গত কয়েক বছরে দুলু এখানে ব্যাপক উন্নয়ন করেছে। সে আজ আপনাদের মাঝে নেই (কারাবন্দী)। তার স্ত্রী রয়েছে। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।"
এলাকাবাসীর গ্যাস সরবরাহের দাবির প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "ছবিকে নির্বাচিত করুন। তিনিই আপনাদের দাবি বাস্তবায়ন করবেন।"
এ সময় তিনি নাটোর-৩ (সিংড়া) আসনের প্রার্থী কাজী গোলাম মোর্শেদের হাতেও ধানের শীষ তুলে দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
সারারাত শিশিরে ভিজে তার ভাষণ শোনার জন্য অপেক্ষা করায় উপস্থিত জনতাকে খালেদা জিয়া তার নিজের ও দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
ভাষণ শেষে সকাল ছয়টায় তিনি বড়াইগ্রাম উপজেলার উদ্দেশে রওয়ানা হন। উপজেলার কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে চারদলীয় জোটের প্রার্থী মোজাম্মেল হককে নির্বাচিত করার আহ্বান জানান।
এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
দুই দিনের নির্বাচনী সফরে বুধবার ঢাকা থেকে উত্তরাঞ্চল রওনা হন খালেদা জিয়া। বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাট ও রাজশাহীতে বিভিন্ন জনসভায় বক্তব্য দেন তিনি। উত্তরাঞ্চলের দুইদিনে ১৫টি জেলার ৩৫টি স্থানে জনসভা ও পথসভা করেন তিনি।।
গত শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিন দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১২৫ ঘ.
bdnews24