গাজীপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে নির্বাচনী মিছিলে একটি হিউম্যান হলার ঢুকে পড়লে এক তরুণের করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয় মহাজোট প্রার্থীর মিছিলে অংশ নেওয়া ওই তরুণের নাম শামীম আহম্মেদ (১৮)। সে ছাত্রলীগের কর্মী ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের ভোলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আওয়ামী লীগ কর্মী-সমর্থক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সামছুল উদ্দিন সামু (৪৫) ও বদর উদ্দিন বুদ্দুকে (৩৫) রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আহত ফারুক (২৫), রনি (২৮), আনিস (২৬), আরমান (২৬), সুশীল চন্দ্র (৩২), আসাদ (৩০), রুবেল (২২), হাসেম মিয়া (২৪), আ. খালেক (৩৮), আনোয়ার হোসেন (১৯) আমির, (৩০) ও রিপনকে (৩২) সফিপুর জেনারেল হাসপাতাল ও স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মৌচাকের সিলাবহ এলাকা থেকে কয়েকশ লোক একটি নির্বাচনী মিছিল বের করে। মিছিলটি সফিপুর বাজারের দিকে যাওয়ার পথে ভোলুয়া এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি হিউম্যান হলার হঠাৎ সচল হয়ে মিছিলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়।
ঘটনার পরপরই হলারটির চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান ।
কামরুল আহসান বলেন, "এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।"
মিছিলে উপস্থিত আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঠাণ্ডা মাথায় চালক বন্ধ গাড়ি চালু করে মিছিলের লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।"
জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেন, "নিশ্চিত পরাজয় জেনে বিএনপি প্রার্থী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী ভাড়াটে লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।"
এ আসনের (গাজীপুর-১) মহাজোট প্রার্থী আকম মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বলেন, "পূর্ব নির্ধারিত ওই মিছিল না করার জন্য বৃহস্পতিবার সকালেই ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষের সন্ত্রাসীরা হুমকি দিয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১০ঘ.
bdnews24