লালমনিরহাট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে লালমনিরহাট জেলার ছিটমহল দহগ্রামে যাওয়ার পথ তিনবিঘা করিডোর চারদিন খোলা থাকবে।
পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার কুচলিবাড়ী থানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেক্টর কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগের দিনসহ দু'দিন এবং উপজেলা নির্বাচনের জন্যও অনুরূপ দু'দিন মিলে মোট চারদিন তিনবিঘা করিডোরের গেট সার্বক্ষণিক খুলে রাখার প্রতিশ্র"তি দেন বিএসএফ কর্মকর্তারা।
বাংলাদেশের রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আফতাবুল ইসলাম পিএসসি এবং ভারতের জলপাইগুড়ি সেক্টর কমান্ডার বিআইজি শ্রী এস কে ভার্মা নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে রংপুর সেক্টরের কমান্ডিং অফিসার সাংবাদিকদের একথা জানিয়ে আরো বলেন, কোনো ধরনের নাশকতামূলক ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারেও বিডিআর-বিএসএফ সতর্ক থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ঘ.
bdnews24