২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট গণতন্ত্র নয়, লাঠিতন্ত্রে বিশ্বাসী: নিজামী

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট গণতন্ত্র নয়, লাঠিতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও পাবনা-১ আসনের (সাথিঁয়া-বেড়া) চারদলীয় প্রার্থী মাওলানা মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

পাবনা, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর) - আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট গণতন্ত্র নয়, লাঠিতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও পাবনা-১ আসনের (সাথিঁয়া-বেড়া) চারদলীয় প্রার্থী মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি বলেন, "লগি বৈঠা দিয়ে যারা মানুষ হত্যা করে, সুধাসদনের সামনে নিজ দলের মনোনয়ন নিয়ে যারা লাঠালাঠি করে, তারা গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না।" বৃহস্পতিবার পাবনার সাথিঁয়া উপজেলার ধোপাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় চারদলীয় জোট আয়োজিত নির্বাচনী সভায় নিজামী এ কথা বলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সংরক্ষণ, শান্তি শৃংখলা সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে তিনি চারদলীয় জোটকে ২০০১ সালের চেয়ে বেশি আসনে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। নিজামী বলেন, "বুলেট, বোমা, লগি বৈঠার জবাব বুলেট, বোমা-লগি-বৈঠার মাধ্যমে নয়, এর চেয়েও বেশি শক্তিশালী জনগণের ব্যালটের মাধ্যমে দিতে চাই।" তিনি আরও বলেন, "১৪ দলীয় মহাজোটের মহাজট সৃষ্টির কারণেই ২২ জানুয়ারি নির্বাচন হতে পারেনি। তাদের কারণেই জাতীয় জীবন থেকে দুটি বছর খসে গেছে। অনির্বাচিত সরকারের অধীনে দেশবাসী থাকতে বাধ্য হয়েছে। দেশে বিদেশিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক সরকার থাকলে এমনটি হতো না।" সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- সাথিঁয়া উপজেলা জামায়াতের নেতা মাওলানা আবদুল মালেক, ধোপাদহ ইউনিয়ন চারদলীয় জোট আহ্বায়ক আমিনুল ইসলাম, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী আবদুস সাত্তার প্রমুখ। এরপর নিজামী হলুদগর সরকারি প্রাথমিক ও নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.