ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা বলে ও কুৎসা রটনা করে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করছে দাবি করে- তাদের বিরুদ্ধে পাল্টা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বিএনপি।
গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন।
তিনি বলেন, "মিথ্যা বলে ও কুৎসা রটনা করে তারা (আওয়ামী লীগ) জনগণকে বিভ্রান্ত করছে। নির্বাচনী আচরণবিধিতে কারো বিরুদ্ধে কুৎসা রটনা করা যায় না। অথচ তারা একের পর এক মিথ্যা ও কাল্পনিক প্রতিশ্র"তি দিয়ে অপপ্রচার চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে।"
বিএনপি কেন নির্বাচন কমিশনকে এসব অভিযোগ জানাচ্ছে না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা জনগণের কাছে বিচার দিচ্ছি। জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে।"
এ ধরনের 'অপপ্রচার এবং কুৎসা রটনা' বন্ধের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, "আমরা সুষ্ঠু রাজনীতি চাই, দেশের মানুষও সহযোগিতা-সহমর্মিতার রাজনীতি চায়। জনগণের এই আকাঙ্খা ধারণ করে বিএনপির নির্বাচনী ইশতেহারে কোনো দল বা মতের প্রতি কুৎসা রটনা করা হয়নি। আশা করি, এ ধরনের কুৎসা রটনার রাজনীতি অন্যরাও বন্ধ করবে।"
খালেদা জিয়ার নির্বাচনী সফরে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "সারাদেশেই বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের নেত্রীর উত্তরাঞ্চলের প্রতিটি জনসভায় গভীর রাত পর্যন্ত কুয়াশা ও শীত উপেক্ষা করে জনগণ অপেক্ষা করেছেন।.. এ গণজোয়ার দেখে কেউ কেউ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।"
আওয়ামী লীগের পাঁচ বছরের শাসনামলের সন্ত্রাসের নমুনা দিতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, "ফেনী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল জেলায় গডফাদার তৈরি হয়েছিলো এবং সন্ত্রাসকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিলো। কিন্তু বিএনপি সন্ত্রাস দমনে অপারেশন ক্লিন হার্ট ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) গঠন করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।"
আওয়ামী লীগের আমলের রমনা বটমূল, যশোরের উদীচি এবং পল্টন ময়দানে বোমা হামলায় দোষীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা বিএনপির আমলেই নেওয়া হয়েছিলো বলে উল্লেখ করেন তিনি।
মহাজোটে জাতীয় পার্টির অন্তর্ভুক্তি প্রসঙ্গে যুগ্ম মহাসচিব বলেন, "কেউ কেউ বলে এই জোট ভাই-বোনের জোট। কিন্তু এক সময় তারা যাকে 'ভোটচোর', 'বিশ্ব বেহায়া' বলেছিলো আজ তাদের সঙ্গেই হাত মিলিয়েছে তারা।"
বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনে সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট করার জন্য প্রধান দুই দলই আপ্রাণ চেষ্টা করে। নানা নাটকীয় ঘটনা প্রবাহের পর শেষ পর্যন্ত তাদের জোট হয়েছে আওয়ামী লীগের সঙ্গে।
গণমাধ্যমে বিএনপির সংবাদ পরিবেশনার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
শনিবার থেকে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, খালেদা জিয়া শুক্রবার বিকেল থেকে ঢাকার কামরাঙ্গীর চর, শ্যামপুর, যাত্রাবাড়ি, ধোলাইখালসহ সাতটি এলাকায় জনসভায় ভাষণ দেবেন। এছাড়া পরদিন টাঙ্গাইল, গাজীপুর ও ময়মনসিংহের আটটি নির্বাচনী জনসভায়ও অংশ নেবেন তিনি।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালীম, সাবেক সংস্থাপন সচিব সোলায়মান চৌধুরী, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম ও আশরাফুল হুদা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২১১৭ঘ.
bdnews24