২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাবছি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি না: খালেদা

'অন্যদের জনসভায় কম মানুষ দেখে' খালেদা ভাবছেন, আসন্ন সংসদ নির্বাচনে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর শহরে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন। দুই দিনের নির্বাচনী সফরে বুধবার উত্তরাঞ্চল রওনা হন খালেদা জিয়া। তার গাড়িবহরের সঙ্গে আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক দিনাজপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অন্যদের জনসভায় কম মানুষ দেখে' খালেদা ভাবছেন, আসন্ন সংসদ নির্বাচনে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজিত সমাবেশে খালেদা জিয়া বলেন, "দেশের বিভিন্ন স্থানে আমি সারারাত ধরে নির্বাচনী প্রচার চালিয়েছি। সবখানে মানুষের ঢল নেমেছে। কিন্তু অন্যদের ক্ষেত্রে তা হচ্ছে না। তাই ভাবছি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে কি না।" বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, "নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তাদের কার্যকলাপ প্রশ্নবিদ্ধ। তবুও গণতন্ত্রের স্বর্থে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।" খালেদা আরও বলেন, "২২ জানুয়ারির নির্বাচন যারা বানচাল করেছে, তারা দাবি করে, এই সরকার তাদের আন্দোলনের ফসল। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের মানুষ ৪০ টাকায় চাল খেয়েছে।" বাংলাদেশে এর আগে একবার দুর্ভিক্ষ এবং এই তত্বাবধায়ক সরকারের আমলে 'হিডেন হাঙ্গার' হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "যারা এ সরকারকে তাদের আন্দোলনের ফসল দাবি করছে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের কী অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন।" 'শৃঙ্খলিত হতে' চাননি বলেই জরুরি অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি জানিয়ে খালেদা দাবি করেন, "সরকার আমাদের দাবি মেনে নিয়ে জরুরি অবস্থা তুলে নিয়েছে।" এর আগে বিকালে দিনাজপুর শহরে পৌঁছে প্রথমে মায়ের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন। বেলা সোয়া ৩টায় দিনাজপুরের বিরল উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় খালেদা আশ্বাস দেন, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে কৃষকদের কৃষিঋণ মওকুফ এবং বিরলে স্থল বন্দর স্থাপন করবে চার দল। দিনাজপুরের সমাবেশ শেষে জয়পুরহাটের উদ্দেশে যাত্রা করেন চার দলীয় জোট নেত্রী। সাড়ে ৭টায় জয়পুরহাট পৌঁছানোর পর শহরের বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভা করেন খালেদা। এরপর নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। নওগাঁ শহরের এ টি এম মাঠে জনসভা করে রাত ১১টার দিকে রওনা হন রাজশাহীর উদ্দেশ্যে। এসব জনসভা ছাড়াও বেশ কিছু স্থানে পথসভা করেন বিএনপি চেয়ারপারসন। দুই দিনের নির্বাচনী সফরে বুধবার ঢাকা থেকে উত্তরাঞ্চল রওনা হন খালেদা জিয়া। বৃহস্পতিবার ভোর পর্যন্ত বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে বিভিন্ন জনসভায় বক্তব্য দেন তিনি। গত শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিন দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে চার দল জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/ডিডি/এমআই/জেকে/০০০৫ ঘ.