পাবনা, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা-৫ (সদর ) আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সুবহানের উপর থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করেছেন বিএনপিপন্থী হিসেবে পরিচিত পাবনার বেশ কয়েকজন ব্যক্তি।
তারা বলছেন, এর মধ্য দিয়ে পাবনায় জামায়াত হঠাও আন্দোলন শুরু হল।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাবনার আমিনুদ্দিন আইন কলেজ প্রাঙ্গণে সমাবেশ করে তারা এ ঘোষণা দেন।
কৃষি ব্যাংক পাবনা শহর শাখার সাবেক ব্যবস্থাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ঢাকাস্থ পাবনা সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তোরাব আলী বিশ্বাস, মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান, গয়েশেপুরের প্রভাবশালী ব্যক্তি অ্যাডভোকেট ইদ্রিস আলী, দাপুনিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মানু, সাবেক এমপি প্রয়াত ইকবালের ছেলে তারিক ইকবাল, শরাফত হোসেন, অ্যাডভোকেট আবু বক্কার, মোহাম্মদ আলী বাচ্চু, সাহেব আলী, আহম্মদ আলী সরদার, আব্দুর রহিম সরদার, রেজাউল করিম বাচ্চু, রেজাউল ইসলাম জুনু, এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি সন্তোষ হালদার প্রমুখ।
তারা বলেন, মাওলানা আব্দুস সুবহান নির্বাচিত হওয়ার পর পাবনার উন্নয়নে কোন কাজ করেননি। তবে জামায়াতের লোকজনের উদরপূর্তি হয়েছে। জামায়াতের অনেকেই এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন।
মাওলানা সুবহানকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করে তারা দাবি করেন, পাবনা সদরের এসব 'বিশিষ্ট' ব্যক্তি এতদিন তাকে সমর্থন করেছেন। তাই তিনি বিজয়ী হতে পেরেছেন। এখন থেকে পাবনা সদরে জামায়াত এবং মাওলানা সুবহান হঠাও আন্দোলন শুরু হল।
এ আসনে মহাজোট প্রার্থী গোলাম ফারুক প্রিন্সের পক্ষে কাজ করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24