চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)--সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার জন্য চট্টগ্রামে সেনাবাহিনী মাঠে নামতে শুরু করেছে।
বৃহস্পতিবার মহানগর ও জেলার ১৬টি সংসদীয় আসনে সেনা সদস্য মোতায়েনের কাজ শুরু হয়েছে।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জাফর আলম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী কাজে সহায়তার জন্য ২০ ডিসেম্বর থেকে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। এজন্য বিভিন্ন সংসদীয় আসনে তাদের মোতায়েন শুরু হয়েছে।
মোঃ জাফর আলম জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোতায়েনের জন্য সেনা সদস্যরা মাঠ পর্যায়ে যেতে শুরু করেছেন। প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তারা ক্যাম্প স্থাপন করবেন। শনিবার থেকে পুরোদমে দায়িত্ব পালন শুরু করবেন তারা।
বুধবার সন্ধ্যা থেকে সেনা সদস্যরা দূরবর্তী জায়গায় যাত্রা শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই অঞ্চলের প্রায় প্রতিটি উপজেলায় সেনা সদস্যদের দল পৌঁছে গেছে।
মহানগরীর চারটি আসনের পাশাপাশি জেলার ১২টি সংসদীয় আসনে তথা উপজেলা সদরে সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
নির্বাচন সামনে রেখে পুলিশ ও র্যাব সদস্যরা নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ টহল ও তল্লাশী অভিযান অব্যাহত রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২০৪০ঘ.
bdnews24