২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মতবিনিময় সভায় নির্বাচনকে নারীবান্ধব করার আহ্বান

নির্বাচনকে নারীবান্ধব করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর বিভিন্ন দলের প্রার্থী, উন্নয়ন কর্মী ও রাজনৈতিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

রাজশাহী, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনকে নারীবান্ধব করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর বিভিন্ন দলের প্রার্থী, উন্নয়ন কর্মী ও রাজনৈতিক নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর জেডিআরসি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। বেসরকারি সংস্থা বেগম সুফিয়া কামাল ফেলোশিপ আয়োজিত 'নারী হোক রাজনীতির সম-অংশীদার' শীর্ষক এ মতবিনিময় সভায় সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার বলেন, "নারীরা পুরুষ থেকে অনেক পিছিয়ে আছে। আজ এই ফোরামে একজন নারীর কথা বলতে পারাটাও অনেক প্রাপ্তির।" রাজশাহী-৫ আসনের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আবুল কালাম আজাদ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি করে বলেন, "সংখ্যার ভিত্তিতে সংসদে প্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত।" মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নওশের আলী নারীদের দুর্নীতির মনোবৃত্তি কম উল্লেখ করে তাদের সংসদে সরাসরি নির্বাচিত করার দাবি জানান। সংগঠনের সভাপতি লাইলুন নাহার বেবীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের সিপিবির প্রার্থী এনামুল হক, বরেন্দ্র উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ চৌধুরী, সাংবাদিক হাসান মিল্ল্তা প্রমুখ। এছাড়া সভায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচন পর্যবেক্ষক জন ডুয়ের ও সাবিনা খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৮ ঘ.