২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের রায় নিয়ে এলে তো নিতেই হবে -সিইসি

হাইকোর্টের রায় পক্ষে পেলে নির্বাচন করা যাবে এরকম জোরালো ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হাইকোর্টের রায় পক্ষে পেলে নির্বাচন করা যাবে এরকম জোরালো ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, "হাইকোর্টের রায় নিয়ে যারা আসবেন তাদেরকে তো নিতে হবে। হাইকোর্টের আদেশ অমান্য করার ক্ষমতা কি কারো আছে? আপনারাই বলুন।" সিইসি আরো বলেন, "২৯ ডিসেম্বরের আগের দিন পর্যন্ত যদি কেউ আদালতের রায়ে বৈধ প্রার্থী হয়ে আসেন তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে। আমাদের লোকবল আছে,তারা দিনরাত কাজ করবে। .. হাইকোর্ট যদি মনে করে নির্বাচনের আগের দিনও আমরা ব্যালট পেপার সংশোধন করতে পারবো, ছাপাতে পারবো। আমাদের তাই করতে হবে।" এ বিষয়টি আদালতে তোলা বা আপীল করা হবে কিনা জানতে চাওয়া হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "আপিল করার সেই ধৈর্য ও এনার্জি আমাদের নেই। হাইকোর্ট যাই বলবে আমরা হুবহু তাই করবো।" স্বল্পসময়ে প্রতীক বরাদ্দ ও ব্যালট পেপার ছাপানো সম্ভব হবে কিনা এ প্রশ্নের উত্তরে দৃশ্যত ক্ষোভের সুরে তিনি বলেন, "সম্ভব হবে। আদালত যদি মনে করে আমরা পারবো তাহলে আমাদের করার কিছুই নেই। আমাদের অলৌকিক ক্ষমতা আছে। আমরা মহামানব, আমরা করতে পারবো।" এটা অভিমানের কথা কিনা-এর উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "না, অভিমান নয়, একটা দেশের উচ্চ আদালত পাঠাচ্ছে । ওনারা কি বিবেচনা করছেন না এটা কি হিউম্যানলি আমাদের জন্য পসিবল না ইমপসিবল। উনারা যেহেতু মনে করছেন আমরা পারবো তাহলে অবশ্যই পারবো।" সিইসি জানান, আদালতের রায়ে যাদের মনোনয়ন বৈধ হচ্ছে তাদের বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর নির্দেশনা দেওয়া হচ্ছে যেন তাদের অন্তর্ভূক্ত করা হয়। আদালতের রায়ের বৈধতার সংখ্যা বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "সঠিক হিসাব বলতে পারবো না। প্রতি পাঁচ মিনিটে একটা করে বৈধতা নিয়ে আসছে। তাই কালও অফিস খোলা থাকবে। আসুক। আমাদের কিছু করার নেই।" এ পর্যন্ত ২৯৯টি (নোয়াখালী-১ ছাড়া) আসনে ১৫৩৮ জনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ৪৪৭ জনের প্রার্থিতা বিভিন্ন কারণে বাতিল করে নির্বাচন কমিশন। ৪৪২ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সরকারের তিনটি প্রেসে প্রায় ৮ কোটি ১৪ লাখ ব্যালট পেপার ছাপানোর কাজ চলছে। প্রতিদিন ৯৮ লাখ করে ব্যালট পেপার ছাপানো হচ্ছে। ইতিমধ্যে অর্ধেক ব্যালট পেপার ছাপা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা। ২৩ ডিসেম্বর মধ্যে ছাপানোর কাজ শেষ করার হিসাব ইসির। নতুন করে কাউকে এতে অন্তর্ভূক্ত করতে হলে সংশ্লিষ্ট আসনের মুদ্রিত ব্যালট পেপার পুড়িয়ে ফেলে নতুন করে ছাপতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআরএফ/এসকে/২০২৪ঘ.