মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
খুলনা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট ক্ষমতায় গেলে মংলা বন্দর সচল করা হবে বলে প্রতিশ্র"তি দিয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে খুলনায় এক জনসভায় তিনি এ প্রতিশ্র"তি দেন। আওয়ামী লীগ সভানেত্রী নতুন কল-কারখানা স্থাপন করে শিল্পনগরী খুলনার প্রাণচাঞ্চল্য আবার ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। বুধবার তিনি গোপালগঞ্জে গণসংযোগ করেন। টুঙ্গিপাড়ায় রাত কাটিয়ে বৃহস্পতিবার বাগেরহাট হয়ে খুলনায় আসেন তিনি।
বিকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে জনসভায় শেখ হাসিনা বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে মংলা বন্দর সচল করা হবে। পাশাপাশি বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর স্থাপন করে সমগ্র এশিয়ার জন্য তা উন্মুক্ত করা হবে। পদ্মা সেতু নির্মাণ দ্রুত শেষ করে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করা হবে।"
খুলনায় নতুন শিল্প-কারখানা স্থাপনের আশ্বাস দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "চারদলীয় জোট কল-কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের পথে বসিয়েছিল। আমরা ক্ষমতায় এলে নতুন নতুন কল-কারখানা গড়ে শিল্পনগরী খুলনার প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনব। শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু করা হবে।"
বিদ্যুত উৎপাদন বাড়াতে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, খুলনায় গ্যাস সংযোগ দেওয়া এবং রেল যোগাযোগ উন্নত করার আশ্বাসও দেন শেখ হাসিনা।
তিনি বলেন, "বিজয়ের মাসে আসুন ২৯ ডিসেম্বর ভোটযুদ্ধে নৌকায় ভোট দিয়ে আরেকটি বিজয় ছিনিয়ে আনি।"
চারদলীয় জোট সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে হাসিনা বলেন, "তারা লুটপাট করেছে। সন্ত্রাস-দুর্নীতি ছাড়া তারা কিছুই করেনি। রূপসা সেতু তৈরির কাজ আমরাই শুরু করি। কিন্তু তারা চার লেনের সেতু দুই লেনের করে ওই টাকা লুটপাট করেছে। খুলনার উন্নয়নে আমাদের নেওয়া বিভিন্ন প্রকল্প প্রতিহিংসাপরায়ণ হয়ে তারা বন্ধ করে দিয়েছিল। খুলনার চাকা তারা স্তব্ধ করে দিয়েছে।
"খুলনায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাংবাদিক মানিক সাহা, হুমায়ূন কবীর বালুকে হত্যা করা হয়েছে। ওই অবস্থা আর দেখতে না চাইলে মহাজোটকে ক্ষমতায় আনতে হবে।"
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় গেলে খোলাবাজারে সার বিক্রি, বয়স্ক ও বিধবা এবং মুক্তিযোদ্ধা ভাতা দ্বিগুণ করার আশ্বাস দেন হাসিনা।
তিনি বলেন, "সারের জন্য কৃষকদের যেন সঙ্কটে পড়তে না হয়, সে জন্য খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা নেওয়া হবে। বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধা ভাতা দ্বিগুণ করা হবে।"
জনসভায় খুলনার বিভিন্ন আসনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ভোট চান হাসিনা। খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন খুলনা-১ আসনের প্রার্থী ননী গোপাল মণ্ডল, খুলনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের প্রার্থী মুন্নুজান সুফিয়ান, খুলনা-৫ আসনের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ।
খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক মঞ্চে থাকলেও বক্তব্য রাখেননি। শেখ হাসিনার সফরসঙ্গী বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীও মঞ্চে ছিলেন।
সকালে টুঙ্গিপাড়া থেকে রওনা হয়ে বাগেরহাটের চিতলমারীতে জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। এরপর মোল্লাহাটের খলিলুর রহমান কলেজ মাঠে জনসভা করেন তিনি।
ওই জনসভায় তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উপকূলীয় এলাকায় চিংড়ি চাষীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। চিংড়ি সংরক্ষণ এবং রপ্তানি সহজ করা হবে।"
চারদলীয় জোটকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "তারা ক্ষমতা গেলে দেশের সর্বনাশ হবে। দেশকে বাঁচাতে মহাজোটকে ক্ষমতায় নিতে হবে।"
এরপর বাগেরহাট শহরে জনসভা করেন হাসিনা। পথে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আওয়ামী লীগ সমর্থকরা 'নৌকা'র পক্ষে স্লোগান দেয়। শেখ হাসিনাও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
বাগেরহাট শহরের জনসভায় স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এরা হলেন- বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি দিদারুল আলম বাবুল, যুগ্ম সম্পাদক এস্কান্দার হোসেন, ইউপি চেয়ারম্যান, আব্দুস সবুর, আফজাল হোসেন, খুলনা চেম্বারের সাবেক সহসভাপতি শেখ দেলোয়ার হোসেন।
জনসভার আগে শেখ হাসিনা খান জাহান আলীর মাজার জিয়ারত করেন। বাগেরহাট থেকে খুলনা নগরীর পথে রূপসা উপজেলার খুদির বটতলা এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখেন হাসিনা। সেখানে খুলনা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন বাদশার পক্ষে ভোট চান তিনি।
সকালে বাগেরহাটের চিতলমারীর জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, সে রকম একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।
শেখ হাসিনা বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লারহাট-ফকিরহাট) আসনে সাংসদ প্রার্থী। এছাড়াও গোপালগঞ্জ এবং রংপুরের দুটি আসনে নির্বাচন করছেন তিনি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাসিনার চার দিনের নির্বাচনী সফরের বৃহস্পতিবার ছিল তৃতীয় দিন। খুলনা থেকে তিনি টুঙ্গিপাড়া ফেরত যাবেন। শুক্রবার নড়াইল, মাগুরা, যশোর, ফরিদপুরে জনসভা করে তিনি ঢাকায় ফিরবেন বলে আওয়ামী লীগ সভানেত্রীর উপ প্রেসসচিব নকিবউদ্দিন আহমেদ জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের একদিন পরই মঙ্গলবার শেখ হাসিনা ওই অঞ্চলে রওনা হন। একই অঞ্চলে নির্বাচনী সফর করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও।
আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দল ছাড়াও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে তাতে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৮৩২ ঘ.
bdnews24