ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া নয় হাজার ৯৬১ জন প্রার্থীর মধ্যে ৩০০ জনকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রধান মাজহারুল হক বলেন, "উপজেলা নির্বাচনকে সামনে রেখে ঋণখেলাপি প্রার্থী চিহ্নিত করতে এবার সারা দেশের রিটানির্ং কর্মকর্তাদের কাছ থেকে মোট নয় হাজার ৯৬১টি মনোনয়নপত্র জমাদানকারী বা প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীর তালিকা কেন্দ্রীয় ব্যাংকে এসেছিল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আমরা এর সবগুলো যাচাই-বাছাই করে ৩০০ জনকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করেছি। এ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।"
তিনি জানান, ৩০০ জন ঋণখেলাপির মধ্যে ২০৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৮৭ জন পুরুষ ভাইস-চেয়ারম্যান এবং আট জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী।
এখন পর্যন্ত কোনো ঋণখেলাপি প্রার্থী আদালতের স্থগিতাদেশ নেননি বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক।
তিনি জানান, স্থানীয় সরকার উপজেলা অধ্যাদেশ ২০০৮ অনুযায়ী, কোনো ঋণখেলাপি উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। প্রার্থীর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন ঋণখেলাপি মুক্ত থাকতে হবে। আর প্রতিষ্ঠানের ঋণের ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার এক বছর আগে থেকে ঋণখেলাপি মুক্ত থাকতে হবে।
ঋণখেলাপি ৩০০ জন প্রার্থীর মধ্যে অর্ধেকের বেশিই প্রতিষ্ঠানের ঋণের জন্য খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন বলে মাজহারুল হক জানান।
উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে যে সব ঋণখেলাপি প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কি করবে-এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কেন্দ্রীয় ব্যাংক এ সব প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছে। ইতিমধ্যে এ সব মামলা চালানোর জন্য বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে।"
"চলমান আইনী প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা (কেন্দ্রীয় ব্যাংক) এ সব মামলা চালিয়ে যাবো", বলেন মাজহারুল হক।
কত দিনে এ মামলাগুলোর নিস্পত্তি হতে পারে-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটা আদালতের ব্যাপার। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে অতীতের অভিজ্ঞতায় দেখেছি, এ সব ক্ষেত্রে বেশ সময় লাগে।"
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি দেশের ৪৮১টি উপজেলায় নির্বাচন হবে।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট দুই হাজার ৪৪৭ জন প্রার্থীর মধ্যে ৮৫ জনকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৮১৮ঘ.
bdnews24