বাগেরহাট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি মো. দিদারুল আলম বাবুল, যুগ্ম সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে আয়োজিত মহাজোটের নির্বাচনী জনসভায় তারা শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
ওই জনসভায় বাগেরহাট শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি শেখ দেলোয়ার হোসেন, ব্যবসায়ী কাজী মোফাচ্ছেল হোসেন, কাজী শফিকুল ইসলাম সেলিম, বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর ও ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেনও শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
আওয়ামী লীগের আদর্শ ও নির্বাচনী ইশতেহারের প্রতি আস্থা এনে তারা বিএনপি ছেড়ে এ দলে যোগ দিয়েছেন বলে জানান।
যোগদানের ব্যাপারে দিদারুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বিগত জোট সরকারের কর্মকাণ্ড দেখে তিনি বিএনপির রাজনীতির ব্যাপারে আস্থাহীন হয়ে পড়েছেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করতে চান।
এসকেন্দার হোসেনও প্রায় একই কথা বলেছেন বিএনপি ত্যাগ করার কারণ হিসেবে।
আওয়ামী লীগে যোগদানকারী দিদারুল আলম বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এমএএইচ সেলিমের বিরুদ্ধে দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলার বাদী এবং দুটি চাঁদাবাজি মামলার সাক্ষী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.
bdnews24