বাগেরহাট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের খান জাহান আলী কলেজ মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আসার পথে ট্রাকের ডালি খুলে রাস্তায় ছিটকে পড়ে দলের ২৬ জন স্থানীয় নেতা-কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- হারুন শেখ, শহিদুল শিকদার, রমেণ মণ্ডল, ওয়াহেদ শিকদার, বিশ্বজিৎ মণ্ডল, মোশারেফ হাওলাদার, সালাম শেখ, রিয়াজুল মৃধা, লিটন হাওলাদার, রুহুল আমিন শেখ, সিরাজ খাঁ, আমির খাঁ, জাকির হাওলাদার, রমণী মণ্ডল, আসাদ হাওলাদার, অখিল হালদার, মিজানুর রহমান, হালিম শেখ, লাল মিঞা, সজল শেখ, দীপক মণ্ডল, অসীম হালদার, আনোয়ার শেখ, সুমন শিকদার, রমণী মণ্ডল ও ননী গোপাল ডাকুয়া।
এদের সবার বাড়ি রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের মল্লিকের বেড়, ছোট সন্নাসী ও বড় সন্নাসী গ্রামে।
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দাস বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের সভানেত্রীর জনসভায় যোগ দিতে মল্লিকের বেড় ইউনিয়নের দলীয় নেতা কর্মীরা একটি ট্রাকে করে খান জাহান আলী কলেজ মাঠের উদ্দেশ্যে আসছিলেন। পথে হঠাৎ করে ট্রাকের পাশের ডালি খুলে এই দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24