রংপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এবারও বড় দুই দলের প্রার্থী হয়েছেন দুই সহোদর ও বেয়াই রহিম উদ্দিন ভরসা ও করিম উদ্দিন ভরসা।
বড় ভাই রহিম উদ্দিন ভরসার মতো ছোট ভাই করিম উদ্দিন ভরসাও দিন-রাত পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। দুই ভাইয়ের নির্বাচনী প্রচরণায় এখন মুখর পুরো এলাকা। ভোটারদের আকৃষ্ট করতে নানান প্রতিশ্র"তি দেওয়ার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই বিষোদগার করছেন তারা।
বড় ভাই জেলা বিএনপির সভাপতি রহিম উদ্দিন ভরসা লড়ছেন চারদলের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে। অন্যদিকে ছোট ভাই জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি করিম উদ্দিন ভরসা নির্বাচন করছেন লাঙ্গল প্রতীক নিয়ে।
মহাজোট হলেও জাপা ও আওয়ামী লীগ এ আসনে পৃথক নির্বাচন করছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুন্সি। তবে দুই ভাইয়ের মধ্যেই জমজমাট লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
রংপুর-৪ আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৩৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬৯২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৬৭৯ জন।
১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে ছোট ভাই জাপা প্রার্থী করিম উদ্দিন ভরসার কাছে বিএনপি প্রার্থী বড় ভাই রহিম উদ্দিন ভরসা পরাজিত হয়েছিলেন।
ছোট ভাই করিম উদ্দিন ভরসা পর পর দুবার সাংসদ নির্বাচিত হওয়ার পরও এলাকার কোন উন্নয়ন করেননি- প্রচারণায় এমন বক্তব্য দিচ্ছেন বড় ভাই রহিম উদ্দিন ভরসা।
তার দাবি, চারদল ক্ষমতায় থাকাকালে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন।
তিনি বলছেন, এবার নির্বাচিত হলে পীরগাছা ও কাউনিয়া উপজেলায় আরও উন্নয়ন কাজ করবেন।
রহিম উদ্দিন ভরসা ভোটারদের নানান প্রতিশ্র"তি দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন।
ভোটারদের তিনি বলছেন, এটিই তার জীবনের শেষ নির্বাচন।
নির্বাচনী প্রচারণায় এবার জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, এলাকার মানুষ চায় উন্নয়ন। তার অতীত কর্মকাণ্ড তাকে বিজয়ী হতে সাহায্য করবে।
তিনি বলছেন, মার্কা কোন ফ্যাক্টর নয়। এবার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য জনগণ তাকে ভোট দেবে।
রহিম উদ্দিন ভরসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনি (করিম উদ্দিন ভরসা) এমপি নির্বাচিত হওয়ার পর ঢাকায় থাকেন। এলাকায় আসেন না। এরশাদের ক্রেজ আর নেই যে তার জনপ্রিয়তাকে পুঁজি করে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে।"
জাপা প্রার্থী করিম উদ্দিন ভরসা তার নির্বাচনী প্রচারণায় বলছেন, ৯১ সালের উপ-নির্বাচন থেকে শুরু করে গত ৩টি নির্বাচনে তার বড় ভাই রহিম উদ্দিন ভরসা প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়ের হ্যাট্রিক করেছেন। এবারও তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হবেন।
বড় ভাইয়ের বিরুদ্ধে তার অভিযোগ, জোট সরকার ক্ষমতায় থাকাকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নামে তিনি (রহিম উদ্দিন ভরসা) নিয়োগবাণিজ্য করেছেন। দলীয়করণের নামে তার লোকজন কোটি কোটি টাকা লুটপাট করেছে।
তিনি দাবি করছেন, এই আসনে দু'বার সাংসদ নির্বাচিত হওয়ার পর রংপুর-গাইবান্ধা মহাসড়ক, রাস্তা-পুল-কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছেন। ফলে তার বড় ভাইয়ের মিথ্যা কথায় জনগণ কান দেবে না।
করিম উদ্দিনের মতে, রংপুর হচ্ছে এরশাদের দুর্গ। এখানে বিএনপির কোন খাওয়া নেই।
নির্বাচনে এবারও বিপুল ভোটে জয়ী হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, এবার মহাজোট ক্ষমতায় আসবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭১৫ ঘ.
bdnews24