চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের বিরুদ্ধে হলফনামায় অসত্য তথ্য প্রদান এবং নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী তদন্ত কমিটির কাছে হারুনুর রশিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের কাজী মো. মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সাতটি অভিযোগ করেছেন।
নির্বাচনী তদন্ত কমিটির কর্মকর্তা সহকারী জজ মো. মাহমুদ হাসান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতটি অভিযোগের মধ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন সম্পর্কিত তিনটি অভিযোগ তাদের তদন্তের এখতিয়ারভুক্ত। এ তিনটি বিষয় তারা তদন্ত করে দেখছেন।
তিনি বলেন, হলফনামায় অসত্য তথ্য প্রদানের বিষয়টি তদন্তের এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি দেখবেন।
হারুনের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে রয়েছে- বিএনপি'র সাবেক সাংসদ তার হলফনামায় প্রায় ৭৮ বিঘা কৃষি জমির অর্জনকালীন মুল্য নয় লাখ ২৬ হাজার টাকা এবং ওই কৃষি জমি থেকে বার্ষিক আয় ৫০ হাজার টাকা বলে যে তথ্য দিয়েছেন সেটা অসত্য। হলফনামায় পাঁচটি বাড়ির উল্লেখ থাকলেও সদর উপজেলার বারোঘরিয়া বাজারে একটি দোকান ঘর ও একটি বাড়ির তথ্য গোপন করেছেন।
হারুন তার নিজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রশীদ এন্টারপ্রাইজ থেকে বার্ষিক ৫৭ হাজার টাকা আয় দেখালেও রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রাফি স্টুডেন্টস প্যালেস নামের ছাত্রাবাস থেকে আয়ের তথ্য গোপন করেছেন।
এছাড়া হারুন ও তার স্ত্রী আসিফা আসরাফী পাপিয়া বিভিন্ন নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কটুক্তি করছেন যা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়ায় হারুন গত ১০ ডিসেম্বর পৌরসভার চরমোহনপুর মোড়ে রাস্তা বন্ধ করে নির্বাচনী জনসভা করে মানুষের চলাফেরায় ব্যাঘাত ঘটিয়েছেন। নির্বাচনী আসনের বারোঘরিয়া ও মহারাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের আগে নিজের রঙ্গিন ছবিযুক্ত এবং ধানের শীষ প্রতীক সংবলিত বড় পোষ্টার টাঙিয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫১ ঘ.
bdnews24