রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঠাকুরগাঁও, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যপণ্যের দাম কমাতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় বলেছেন, খাদ্যপণ্যের দাম কমাতে উৎপাদন বাড়াতে হবে। এ জন্য চারদলীয় জোট ক্ষমতায় গেলে খাস জমি চাষাবাদের জন্য কৃষকদের দেওয়া হবে।
দুই দিনের নির্বাচনী সফরে বুধবার উত্তরাঞ্চল রওনা হন খালেদা জিয়া। বৃহস্পতিবার ভোর পর্যন্ত বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে বিভিন্ন জনসভায় বক্তব্য রাখেন তিনি।
সকাল ৮টায় ঠাকুরগাঁওয়ে পৌঁছে তার গাড়িবহর। স্থানীয় সার্কিট হাউজে কিছু সময় বিশ্রাম নিয়ে দুপুর ১টায় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জনসভায় যান খালেদা জিয়া।
জনসভায় তিনি বলেন, "গত দুই বছরে দেশ অনেক পিছিয়ে গেছে। কোনও বিনিয়োগ আসেনি; হয়নি কোনও উন্নয়ন। ফলে বেকারত্ব বেড়েছে।"
উন্নয়নের জন্য বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, "খাদ্যদ্রব্যের দাম কমাতে উৎপাদন বাড়াতে হবে। এ জন্য চারদলীয় জোট ক্ষমতায় গেলে খাস জমি চাষাবাদের জন্য কৃষকদের দেওয়া হবে। সার ও বীজের দাম কমানো হবে। কৃষকরা যেন সহজে সার ও বীজ পায়, তার ব্যবস্থা করা হবে। কৃষি ভর্তুকি বাড়ানো হবে।"
মঙ্গাপ্রবণ এলাকায় দারিদ্র্য নিরসনে বিশেষ কর্মসূচি নেওয়ার আশ্বাস দিয়েছেন খালেদা জিয়া। একইসঙ্গে তিনি বলেছেন, যমুনা ও তিস্তা তীরবর্তী এলাকায় নদী ভাঙন রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উত্তরাঞ্চলে গ্যাস সংযোগ দেওয়া এবং বেকারদের কর্মসংস্থানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তিও দেন তিনি।
২২ জানুয়ারির নির্বাচন 'ষড়যন্ত্র' করে বানচাল করা হয়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, "ওই সময় নির্বাচন হলে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়ী হতো। তাই ষড়যন্ত্র করে ওই নির্বাচন হতে দেওয়া হয়নি। পরে বিএনপিকে ভাঙার অপচেষ্টাও চালানো হয়।"
গত দুই বছরে নিজের পরিবারের ওপর নির্যাতন হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, "দেশকে ভালবাসি বলে, দেশের উন্নয়ন চাই বলে আমাদের ওপর অত্যাচার চালানো হয়। আমাকে বিদেশ পাঠাতে না পেরে আমার দুই ছেলেকে জেলে নেওয়া হয়। নির্যাতনে তারা অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য তাদের বিদেশ পাঠাতে হয়েছে।"
তিনি বলেন, "ধানের শীষ উন্নয়নের প্রতীক। তাই আমি আশা করব, দেশের উন্নয়নের জন্য আবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবেন।"
ঠাকুরগাঁওয়ে জনসভার পর বেলা ২টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর দিনাজপুরের উদ্দেশে রওনা হয়। বেলা সোয়া ৩টায় দিনাজপুরের বিরল উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় বক্তব্য রাখেন খালেদা জিয়া।
জনসভায় তিনি কৃষকদের কৃষিঋণ মওকুফ এবং বিরলে স্থল বন্দর স্থাপনের আশ্বাস দেন। বিকালে দিনাজপুর শহরে পৌঁছে মায়ের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন।
দুই দিনের নির্বাচনী প্রচারে বুধবার সকালে ঢাকা থেকে উত্তরাঞ্চলের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন। পথে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বিভিন্ন পথসভা ও জনসভার পর তিনি বগুড়া পৌঁছান।
বগুড়ায় জনসভার পর সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর উপজেলার মুন্সিবাড়ি ও নবীগঞ্জ, কুড়িগ্রাম শহর, লালমনিরহাটের বড়বাড়ি, নীলফামারী শহর, সৈয়দপুর, ডোমারে জনসভা করেন তিনি। শীতের মধ্যেও গভীর রাতের এসব জনসভায় বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া গত শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিন দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান তিনি।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে চার দল জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫০০ ঘ.
bdnews24