ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক দুই প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি জয়নুল আবেদীনের আদালত এ নির্দেশ দেয়।
এর আগে মহীউদ্দীনের দায়ের করা নির্বাচনী রিট গত ১৫ ডিসেম্বর এবং বাবরের দায়ের করা রিট বৃহস্পতিবার খারিজ করে হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ এবং বাবরের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক।
মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১ এবং বাবর নেত্রকোনা-৪ আসন থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিলে রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র বাতিল করে দেন।
এর বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করলে সে আপিলও খারিজ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১৪৩৬ ঘ.
bdnews24