চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে জয়-পরাজয় যাই ঘটুক না কেন, ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেছেন চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।
বুধবার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় এই অঙ্গীকার করার পাশাপাশি ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তারা।
চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি বিকেলে বিজেএমইএ মিলনায়তনে 'আগামীর প্রত্যাশায় জনগণের মুখোমুখি শীর্ষক' এ মতবিনিময় সভার আয়োজন করে।
ইতোপূর্বে নির্বাচিত হয়ে দুর্নীতির পাশাপাশি ক্ষমতার অপব্যবহার এবং এলাকার উন্নয়নে দেওয়া প্রতিশ্র"তি না রাখার ব্যাপারে ভোটাররা প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি ও বিভেদ ভুলে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পালনের আহবান জানান তারা।
চট্টগ্রাম দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগ প্রার্থী এবিএম আবুল কাশেম ও কমিউনিস্ট পার্টির প্রার্থী মছিউদ্দৌলা, চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনে বিএনপি প্রার্থী শামসুল আলম, চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের এম এ লতিফ, গণফোরামের জানে আলম এবং স্বতন্ত্র জাহাঙ্গীর আলম ও কফিল উদ্দিন, চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে কমিউনিস্ট পার্টির শাহ আলম, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইউসুফ।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, বিজিএমইএ এর প্রথম সহসভাপতি এম এ ছালাম, চেম্বার পরিচালক আমিরুল হকও বক্তব্য রাখেন।
তবে চট্টগ্রামের ১৬টি আসনের অধিকাংশ নামীদামী প্রার্থী এ সভায় উপস্থিত ছিলেন না।
উপস্থিত শ'খানেক ভোটারের মধ্যে ১৫ জন প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন।
ভোটারদের এক প্রশ্নের জবাবে এবিএম আবুল কাশেম বলেন, "সবাই মিলে দুর্নীতি প্রতিরোধ করতে না পারলে অর্থনৈতিক মুক্তি আসবে না। মহাজোট ক্ষমতায় গেলে আমি দুর্নীতি প্রতিরোধে কাজ করব।"
নির্বাচনের জয় পরাজয়ের সিদ্ধান্ত যাই হোক না কেন ভবিষ্যতে দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে দলমত নির্বিশেষে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি প্রার্থী শামসুল আলম।
যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তাদের বয়কট করার আহবান জানান গণফোরাম প্রার্থী জানে আলম।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বিজিএমইএ নেতা এম এ ছালাম ভাঙচুর, জ্বালাও-পোড়াও আর দুর্নীতির রাজনীতি বন্ধ করতে প্রার্থীদের এগিয়ে আসার আহবান জানান।
চিটাগাং চেম্বারের পরিচালক আমিরুল হক প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে নির্বাচিত গণপ্রতিনিধিদের পর্যায়ক্রেমে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন এবং ক্ষমতায় গেলে জনগণের পাশে থাকার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/২২৪১ ঘ.
bdnews24