ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরসূচিতে তিন দিন থাকলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারের সময় এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি ওই অঞ্চলে চার দিন প্রচার চালাবেন বলে শেখ হাসিনার তথ্য উপসচিব নকিবউদ্দিন আহমেদ বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা নিশ্চিত করেছেন।
পূর্ব নির্ধারিত কর্মসূচিতে মঙ্গলবার তিন দিনের সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চল রওনা হন হাসিনা। শেখ হাসিনার সঙ্গে আছেন বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী।
হাসিনা বর্তমানে নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রয়েছেন। সেখানে রাত কাটিয়ে বুধবার তার বাগেরহাট ও খুলনায় যাওয়ার কথা।
বৃহস্পতিবার হাসিনার ঢাকা ফেরার কথা থাকলেও সফরসূচিতে পরিবর্তন আসায় শুক্রবার তিনি ঢাকা ফিরবেন। সফরের শেষ দিন তিনি নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
বুধবার দুপুরের পর কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালী পাড়া) আসন ছাড়াও বাগেরহাট এবং রংপুরের আরও দুটি আসনে প্রার্থী হয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের একদিন পরই মঙ্গলবার শেখ হাসিনা ওই অঞ্চলে রওনা হন। একই অঞ্চলে নির্বাচনী সফর করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দল ছাড়াও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে তাতে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১০০ ঘ.
bdnews24