২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন ভুল করছে: মুহিত

রাত ৮টার পর নির্বাচনী প্রচারের সুযোগ না দিয়ে নির্বাচন কমিশন ভুল করছে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

সিলেট, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত ৮টার পর নির্বাচনী প্রচারের সুযোগ না দিয়ে নির্বাচন কমিশন ভুল করছে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। বুধবার দুপুরে সিলেটের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলেই আপাতত মনে হচ্ছে। তবে নির্বাচন কমিশন ভুল করছে। রাত ৮টার পর নির্বাচনী প্রচারের সুযোগ না দেওয়া ঠিক নয়। তাছাড়া নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্তও ভুল।" এই অনুষ্ঠানের মাধ্যমে মুহিত তার উন্নয়ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মুহিত বলেন, তিনি একটি আলোকিত স্বপ্নের নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে চান। নির্বাচিত হলে দ্রব্যামূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটক মোকাবেলা এবং কর্মসংস্থানের জন্য অভ্যন্তরীণ অর্থনীতিতে গতিশীলতা আনার উদ্যোগ নেবেন বলে প্রতিশ্র"তি দেন তিনি। মুহিত বলেন, "সিলেট পৌরসভা প্রায় এক দশক ধরে মহানগর। কিন্তু এই মহানগরের জন্য কোনো মহা পরিকল্পনা নেই। কী তার সম্পদ, কী তার দুর্বলতা আর সম্ভাবনাই- বা কি- তার কোনো জরিপও নেই। সিলেটে সুপেয় পানীয় জলের সরবরাহ সীমিত। নদী-ভাঙন আর ফি বছর জলাবদ্ধতায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। সিলেট এখন মার্কেটের শহর, স্থাপনা এখানে পরিকল্পনাহীন।" আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এসব সমস্যা সমাধান করার অঙ্গীকার করেন তিনি। মুহিত বলেন, "চার দলীয় জোট দেশে সন্ত্রাস জঙ্গিবাদ, দুর্নীতি এবং সম্পদ লুটের এক ঘৃণিত ঐতিহ্য রেখে গেছে। আলোকিত সিলেটে এ ধরণের দুর্বৃত্তপনা চলতে পারে না। এসব অপরাধ শক্ত হাতে উচ্ছেদ করা হবে।" এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "চার দলীয় জোট সরকারের শাসনামলে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে সাইফুর রহমান তার দায় কোনোভাবেই এড়াতে পারবেন না।" অন্যদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক ও সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ বক্স, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ মহাজোটের শরীক দলের নেতারা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৪০ ঘ.