প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
সাতক্ষীরা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে না পারলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে দুই দলের নেতাকর্মীদের হঁশিয়ার করে দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা রাজার বাগান সরকারি কলেজ মাঠে মহাজোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় উভয় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এই সাবেক রাষ্ট্রপতি বলেন, "মহাজোট যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে দেশে বিরোধী দল বলে কিছূ থকবে না।"
মহাজোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "অত্যাচারের হাত থেকে বাঁচতে হলে, অন্যায়ের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই মহাজোটকে নির্বাচিত করতে হবে।"
সাতক্ষীরা-২ আসনের মহাজোট প্রার্থী এম এ জব্বারকে সমাবেশে পরিচয় করিয়ে দিয়ে এরশাদ বলেন, "যেখানে নৌকা প্রতীক আছে সেখানে আপনারা নৌকায় ভোট দেবেন। আর যেখানে লাঙ্গল মার্কা আছে সেখানে লাঙ্গলে ভোট দেবেন। এভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের নির্বাচন করতে হবে।"
তিনি বলেন, "গত পাঁচ বছরে আমরা শোষণের শিকার হয়েছি। লুণ্ঠনের শিকার হয়েছি। আমাদের দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। মহাজোট ক্ষমতায় গেলে সে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।"
এরশাদ আরও বলেন, "আমি ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণার জন্য সংসদে বিল এনেছিলাম। কিন্তু সে বিল পাশ হয়নি।"
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নেতাদের মধ্যে আশরাফুজ্জামান আশু, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রোজা জনসভায় বক্তব্য রাখেন।
পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মহিলাও সমাবেশে উপস্থিত ছিলেন। লাঙ্গল প্রতীক হাতে নিয়ে 'জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মহজোট' শ্লোগান দিয়ে তারা সমাবেশ স্থলে আসেন।
বিকেলে ৪টার দিকে কলারোয়া হাইস্কুল মাঠে সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের জন্যও ভোট চান জাতীয় পার্টি চেয়ারম্যান।
বুধবার সকালে ঢাকা থেকে সাতক্ষীরা যওয়ার পথে সাতটি নির্বাচনী সভা ও পথসভায় বক্তৃতা দেন এরশাদ। প্রত্যেকটি সভায় তিনি নিজেকে শেখ হাসিনার বড় ভাই দাবি করে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ডিডি/জেকে/১৯৩৫ ঘ.
bdnews24