রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যড়যন্ত্র করে ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বানচাল করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বগুড়ার শেরপুরে এক জনসভায় তিনি এ অভিযোগ করেন।
দুই দিনের নির্বাচনী প্রচারে সকালে উত্তরাঞ্চল রওনা হন বিএনপি চেয়ারপারসন। ওই অঞ্চলের ১৩টি জেলায় ২৮টি জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা।
শেরপুরের জনসভায় খালেদা জিয়া বলেন, "ষড়যন্ত্র করে গত বছরের ২২ জানুয়ারির নির্বাচন বানচাল করা হয়েছিল। ওই নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসত। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে তা বাতিল করা হয়।"
চারদলীয় জোটের শাসনামলে বগুড়ায় ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, "ওই সময় পুরো বগুড়াতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মেডিকেল কলেজ হয়েছে। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট করা হয়েছে। গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। বিএনপি উন্নয়ন চায় বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে।"
তিনি বলেন, "গত দুই বছরে মানুষের ওপর অত্যাচার হয়েছে। ব্যবসায়ী, রাজনীতিবিদদের জেলে নেওয়া হয়েছে।"
গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে উন্নয়ন সম্ভব নয়- এ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, "উন্নয়নের জন্য তাই নির্বাচন দরকার।"
বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা ক্ষমতায় গেলে দেশের উৎপাদন বাড়াবো। উৎপাদন বাড়লে দ্রব্যমূল্যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।"
খালেদা জিয়া বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী জানে আলম খোকাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে তিনি নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) এর মাঝিড়ায় একটি সভায় বক্তব্য রাখেন। খালেদা জিয়া বগুড়ার দুটি আসনে এবং ফেনীর একটি আসনে নির্বাচন করছেন।
এর পর খালেদা জিয়া দুর্ঘটনায় আহত রাশেদ আহমেদসহ একুশে টেলিভিশনের তিন সংবাদকর্মীকে দেখতে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান।
তিনি সাংবাদিকদের চিকিৎসায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়ার গাড়িবহর সকাল ১০টায় উত্তরাঞ্চলের পথে ঢাকা ছাড়ে। বগুড়ার শেরপুরে জনসভার আগে সিরাজগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
দুপুর সোয়া ১২টার দিকে যমুনা সেতু পাড়ি দিয়ে সিরাজগঞ্জের মুলিবাড়িতে পথসভায় সিরাজগঞ্জ-২ আসনে চারদলীয় প্রার্থী রুমানা মাহমুদের জন্য ভোট চান খালেদা জিয়া।
রুমানা মাহমুদ সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী।
খালেদা জিয়া বলেন, "এ আসনের সাবেক সাংসদ ইকবাল হাসান মাহমুদকে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে বলে তার স্ত্রী রুমানাকে আমরা মনোনয়ন দিয়েছি। রুমানাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে।"
তিনি সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মান্নান তালুকদারের জন্যও ভোট চান। এছাড়া টাঙ্গাইলের এলেঙ্গা এবং সিরাজগঞ্জের সলঙ্গায় দুটি পথসভায়ও বক্তব্য রাখেন খালেদা।
উত্তরাঞ্চল সফরের আগে গত রোববার থেকে টানা দুই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান বিএনপি চেয়ারপারসন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ফিরে রাজধানীতে কয়েকটি জনসভায়ও বক্তৃতা করেন তিনি। তিনি গত শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।
আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে চার দল জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৫১ ঘ.
bdnews24