প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, এ গণজোয়ার সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
দক্ষিণাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফরের প্রথম দিন বুধবার দুপুরে মাগুরায় এক জনসভায় তিনি এ কথা বলেন।
বুধবার সকালে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের পথে রওনা হন এরশাদ। পথে মানিকগঞ্জে একটি জনসভায় বক্তৃতা করেন তিনি।
দুপুর ১টার দিকে মাগুরার নোমানী ময়দানে একটি জনসভায় এরশাদ মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সিরাজুল আকবরের জন্য ভোট চান। এরপর তিনি আড়পাড়া হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য রাখেন।
জনসভায় জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান বলেন, "দেশে মহাজোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।"
তিনি দেশকে লুটপাট ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাজোট প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।
জাপা চেয়ারম্যান বলেন, "দুর্নীতি ও ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে মহাজোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। গড়ে তুলতে হবে সমৃদ্ধ বাংলাদেশ।"
সব ভেদাভেদ ভুলে নির্বাচনী কাজ করার জন্য জাতীয় পার্টিসহ মহাজোটের অন্য সব শরিক দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, "বৃহত্তর স্বার্থে আমরা (জাতীয় পার্টি) অনেক ত্যাগ স্বীকার করেছি। এখন সবাইকে ভেদাভেদ ভুলে মহাজোটের প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। মহাজোটকে ক্ষমতায় আনতে হবে।"
জনসভায় মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেণ সিকদারের পক্ষে ভোট চান এরশাদ।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে জাতীয় পার্টিও রয়েছে।
মাগুরা থেকে এরশাদের যশোর যাওয়ার কথা।
সকালে মানিকগঞ্জের জনসভায় এরশাদ এরশাদ বলেন, "বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং এরশাদের নতুন বাংলাদেশ গড়ব- এই স্লোাগান নিয়ে সব ভেদাভেদ ভুলে মহাজোট প্রার্থীকে জয়ী করতে হবে।"
নিজেকে শেখ হাসিনার 'বড় ভাই' উল্লেখ করে সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, "আমি সাবেক রাষ্ট্রপতি বা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নই; ভোট চাচ্ছি, শেখ হাসিনার বড় ভাই হিসেবে।"
জাতীয় পার্টি চেয়ারম্যান সকাল সাড়ে ৮টায় দক্ষিণাঞ্চল সফরে ঢাকা ছাড়েন। তিন দিনের সফরে তিনি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এবং বরিশালেও নির্বাচনী জনসভা করবেন। আগামী শুক্রবার রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এরশাদের আগে চারদলীয় জোটের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচার চালিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী সফরে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এমআই/১১১১ ঘ.
bdnews24