২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার গাড়িবহরে থাকা ইটিভি সাংবাদিক দুর্ঘটনায় আহত

উত্তরাঞ্চল সফররত খালেদা জিয়ার বহরে থাকা একুশে টেলিভিশনের গাড়ি দুর্ঘটনায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 07:40 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চল সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে থাকা একুশে টেলিভিশনের (ইটিভি) গাড়ি দুর্ঘটনায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রিয়াজুল বাশার। তিনি জানান, দুপুর ১টায় রায়গঞ্জ থানার ভূঁইয়াগাজী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটিভির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন ইটিভির বিশেষ প্রতিবেদক রাশেদ আহমেদ, চিত্রগ্রাহক আসাদুজ্জামান আসাদ এবং গাড়িচালক রবিউল ইসলাম। ঢাকা-জয়পুরহাট রুটের সালমা ক্লাসিক পরিবহণের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে ইটিভির মাইক্রোবাসটির ওপর আছড়ে পড়ে। আহত তিন সংবাদকর্মীকে প্রথমে চান্দাইকোণা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের পর তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটিও খাদে পড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উত্তরাঞ্চলে এ সফরে ১৩টি জেলায় ২৮টি জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা। বুধবার সকালেই দুই দিনের সফরে ঢাকা ছাড়েন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এমআই/১৩৩৩ ঘ.