প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে লুটপাট ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাজোট প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
দক্ষিণাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফরের শুরুতে মানিকগঞ্জে এক জনসভায় তিনি এ আহ্বান জানান।
সকাল সোয়া ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ওই জনসভায় এরশাদ মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের জাহিদ মালেক স্বপনের পক্ষে ভোট চান।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে জাতীয় পার্টিও রয়েছে।
এরশাদ বলেন, "দেশকে দুর্নীতিমুক্ত এবং লুটপাট ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাজোটকে ক্ষমতায় আনতেই হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং এরশাদের নতুন বাংলাদেশ গড়ব- এই স্লোাগান নিয়ে সব ভেদাভেদ ভুলে মহাজোট প্রার্থীকে জয়ী করতে হবে।"
নিজেকে শেখ হাসিনার 'বড় ভাই' উল্লেখ করে সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, "আমি সাবেক রাষ্ট্রপতি বা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নই; ভোট চাচ্ছি, শেখ হাসিনার বড় ভাই হিসেবে।"
তিনি বলেন, "ক্ষমতায় থাকাকালে আমি মানিকগঞ্জকে জেলা করেছি। উপজেলা করেছি এখানে। এছাড়াও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড শেষ করেছি। সেই দাবি থেকে মানিকগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান, মহাজোট প্রার্থীকে ভোট দিন।"
জনসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মতিউর রহমান যুক্তিবাদী এবং জাহিদ মালেক স্বপনসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় নেতারা।
জাতীয় পার্টি চেয়ারম্যান সকাল সাড়ে ৮টায় দক্ষিণাঞ্চল সফরের পথে ঢাকা ছাড়েন। তিন দিনের সফরে তিনি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এবং বরিশালে নির্বাচনী জনসভা করবেন। আগামী শুক্রবার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এরশাদের আগে চারদলীয় জোটের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচার চালিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী সফরে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এমআই/১১১১ ঘ.
bdnews24