ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত বিএনপি নেতা ও আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান মঙ্গলবার তুরাগ থানা এলাকায় নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-১১ আসনের কামারপাড়া হাইস্কুলের কাছে কাঁচা বাজার এলাকায় জেড এ খান গণসংযোগ করার সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা 'সংস্কারপন্থী ধর' বলে চিৎকার করতে করতে ধাওয়া শুরু করে। এ সময় তারা রনি ও রাসেল নামে জেড এ খানের দুই সমর্থককে মারধর করে।
জেড এ খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি দলের উচ্ছৃৃঙ্খল কর্মীরা এ কাজ করেছে। সুষ্ঠু নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এটি কাম্য নয়। যে কোনও প্রার্থীর অধিকার রয়েছে ভোটারদের কাছে নিজের প্রার্থিতা তুলে ধরার।"
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান ২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পট পরিবর্তনের পর দলে 'অধিকতর গণতান্ত্রিক চর্চার' দাবি তুলে সংস্কারপন্থীদের পক্ষাবলম্বন করেন। আসন্ন নির্বাচনে তাকে বিএনপি বা চার দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়নি।
শৃংখলাভঙ্গের অভিযোগে সংস্কারপন্থীদের নেতা হিসেবে পরিচিত সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনিও তার এলাকায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/জেকে/এসকে/২২৪৭ঘ.
bdnews24