ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশৃঙ্খলা ও ধ্বংসের রাজনীতি পরিহার করে আগামীতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার বিএনপি প্রধান ভাসানটেকে ঢাকা-১৭ আসনে জোট প্রার্থী আ স ম হান্নান শাহ, কারওয়ান বাজারে ঢাকা-১১ আসনের মো. সাহাবুদ্দীন ও গ্রীন রোড স্টাফ কোয়ার্টারে ঢাকা-১২ আসনে অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। মঙ্গলবার রাতের মধ্যে তার ঢাকার ১১টি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
অন্য সব সভার মতই প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে খালেদা জিয়া বলেন, ''এবারের নির্বাচনে সঠিক জায়গায় ভোট দিতে হবে। আপনার ভোট অতি গুরুত্বপূর্ণ। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এই ভোট আমাদের প্রার্থীদের দিয়ে বিজয়ী করুন।''
বিশৃঙ্খলা ও ধ্বংসের রাজনীতি পরিহার করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, "রাজনীতিতে মতভেদ থাকতে পারে। তার জন্য লগি বৈঠা নিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি কোনও সমাধান নয়। সমাধানের জন্য জাতীয় সংসদ রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে। আমরা নির্বাচিত হলে এ পরিবেশ সৃষ্টি করবো।"
বিএনপি ও আওয়ামী লীগ এ দুই দলই ইতিপূর্বে সংসদকে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু করার প্রতিশ্র"তি দিলেও তারা সরকার ও বিরোধীদল উভয় অবস্থানে থাকার সময় সংসদ অবহেলিত হয়েছে।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, "স্বাধীনতা আনার জন্য যেমন রক্ত দিয়েছি তেমনিভাবে স্বাধীনতা রক্ষার জন্যও সকলকে সজাগ থাকতে হবে। এইক্ষেত্রে আপনাদের ভোট অনেক মূল্যবান। আপনাদের ভোটই ভবিষ্যতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, উন্নয়নের নিশ্চয়তা বিধান করবে।"
তিনি রাজনীতিবিদদের ওপর কথিত 'নির্যাতন'সহ তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের কড়া সমালোচনা করেন। গত দুই বছরে
দেশে নতুন বিনিয়োগ না হওয়া, দ্রব্যমূল্য বাড়া ও দুর্নীতিবাজদের ধরাছোঁয়ার বাইরে থাকার মতো বিভিন্ন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, "এই অবস্থা থেকে দেশকে রক্ষার সবচেয়ে বড় সুযোগ আগামী নির্বাচন। একমাত্র গণতান্ত্রিক নির্বাচিত সরকারই মানুষের দুঃখ- দুর্দশা বুঝে পদক্ষেপ নেয়।"
তিনি আবারও বলেন, "এই সরকার দু' বছরে দেশকে বিশ বছর পিছিয়ে দিয়েছে।"
ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিগত জোট সরকারের এই প্রধান তারা 'সব সময়ই দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে' এ দাবি করে বলেন, "দুর্নীতি দমন কমিশন বিএনপি-জোট সরকারের সময়ই প্রতিষ্ঠা করা হয়েছিল। সন্ত্রাসী দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেওয়া হবে না।"
ঢাকার বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট চেয়ে খালেদা জিয়া বলেন, '' বিএনপির পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সামনে আমাদের শুভ দিন। সবাই ২৯ ডিসেম্বরের দিনের অপেক্ষায় আছে। দেশ বাঁচাতে বিএনপিকে ভোট দিন।''
এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালিয়ে মঙ্গলবার বিকালে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।
সকালে রাজবাড়ী থেকে ঢাকার পথে রওনা হন তিনি। বিজয় দিবসে দুপুর আড়াইটায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তব দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ঢাকায় ফিরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতেও ফুল দেন তিনি।
বুধবার তার উত্তরাঞ্চল সফরে যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/এসকে/২১৫৯ঘ.
bdnews24