বাগেরহাট, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষে দুপক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
বিজয় দিবসের কর্মসূচি পালন এবং পরস্পরের প্রতি উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ও সোমবার রাতে এ সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসও ভাঙচুর হয়।
আহতদের মধ্যে আছেন- আওয়ামী লীগের জিন্নাত শেখ (২২), জাহিদ মোড়ল (৩০), মুজিবর (৩৭) ও হাসান ফকির (২৮) এবং বিএনপির আব্দুল হাই মোড়ল (৪০), আলতাফ মোড়ল (৪৫), নাছির শেখ (৪৫) ও আকবর শেখ (৩৭)।
এদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে পুলিশ বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম ফকির ও একই দলের আরুইপাড়া এক নম্বর ওয়ার্ডের সভাপতি বেল্লাল মোড়ল এবং বিএনপি সমর্থক পপলু সরদার ও মোস্তাফিজ মল্লিককে গ্রেপ্তার করেছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাতে বারুইপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য হালিম মোড়ল একটি মামলা করেছেন। মামলায় স্থানীয় বিএনপির ১৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার সকালে সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে পপলূ সরদার একটি নিয়মিত মামলার আসামি।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও ওসি জানান।
বাগেরহাট জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আওয়ামী লীগ কর্মীরা মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী বিশ্বাস ওরফে দুলু এবং তার সঙ্গীদের উপর হামলা করেছে।
বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।
তবে বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হায়দার মোড়ল এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, চেয়ারম্যান দুলুর নেতৃত্বে বিএনপির একদল সশস্ত্র কর্মী-সমর্থক মঙ্গলবার সকালে আড়পাড়া বাজারে আওয়ামী লীগের বিজয় দিবসের কর্মসূচি পালনে বাধা দিতে এলে তাদের প্রতিরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24