মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কৃষকদের জন্য খোলা বাজারে সার বিক্রির প্রতিশ্র"তি দিয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকালে ফরিদপুর ৪ আসনে এক নির্বাচনী জনসভায় হাসিনা বলেন, "কৃষকদের সার সঙ্কট নিরসনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে প্রয়োজনে খোলা বাজারে সার বিক্রি করা হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে। আমি আপনাদের কাছে আজকে এই ওয়াদা করে যাচ্ছি।"
ভাংগা মালিগ্রাম হাইস্কুল মাঠে এই জনসভায় ফরিদপুর ৪ আসনে মহাজোট প্রার্থী নিলুফার জাফরউল্যা চৌধুরীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
ক্ষমতায় গেলে কালবিলম্ব না করে পদ্মা সেতুর কাজ শুরু করা হবে বলেও আশ্বাস দেন এই সাবেক এই প্রধানমন্ত্রী।
ফেরিতে ফরিদপুর পৌঁছাতে দীর্ঘ সময় লাগার কথা উল্লেখ করে তিনি জনসভায় বলেন, "পদ্মা সেতু হলে আর এত সময় লাগবে না।"
হাসিনা অভিযোগ করে বলেন, "পদ্মা সেতুর জন্য জাপান সরকার আর্থিক সহায়তা দিয়েছিল। আওয়ামী লীগের সময় পদ্মা সেতুর জন্য ভিত্তিপ্রস্তরও স্থাপন হয়েছিলো। কিন্তু চারদলীয় জোট প্রতিহিংসাপরায়ণ হয়ে সেতুর কাজ শুরু করেনি।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "নৌকার পালে হাওয়া লাগাতে হবে। নৌকাকে জয়যুক্ত করতে হবে।"
নিলুফার জাফরউল্যাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, "কাজী জাফরউল্যাহ এখানে নির্বাচন করতেন। আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাই তাকে মনোনয়ন দিতে পারিনি। এজন্য আমরা নিলুফারকে মনোনয়ন দিয়েছি।"
এ আসনের আরেক প্রার্থী জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালকে ইঙ্গিত করে হাসিনা বলেন, "তার সঙ্গে আমার কথা হয়েছিল। উনি বলেছিলেন- নির্বাচন করবেন না। এখন আবার কেন করছেন জানি না। এখানে মহাজোটের প্রার্থী নিলুফার জাফরউল্যাহ।"
মোকসেদপুরে গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী ফারুক খান ও কাওড়াকান্দি পুরনো ফেরিঘাটে মাদারীপুর-১ আসনের প্রার্থী নূর এ আলম চৌধুরীর সমর্থনেও বক্তব্য দেন শেখ হাসিনা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালাতে মঙ্গলবার সকাল ১১টার পরপরই সুধা সদন ছেড়ে যায় আওয়ামী লীগ সভানেত্রীর গাড়িবহর। তার সফরসঙ্গী শেখ রেহানা এবং রেহানার মেয়ে রূপন্তী ও টিউলিপ এই সপ্তাহেই যুক্তরাজ্য থেকে দেশে আসেন।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন। এসময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
শেখ হাসিনার রাতে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে থাকার কথা। গোপালগঞ্জের ওই আসন থেকেও হাসিনা সাংসদ প্রার্থী।
বুধবার তার কোটালীপাড়া কলেজে মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সূচি রয়েছে । গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন ছাড়াও রংপুর ও বাগেরহাটের দুটি আসনে প্রার্থী হয়েছেন হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা ফেরার আগে বাগেরহাট ও খুলনায় কয়েকটি জনসভায় ভাষণ দেওয়ার কথা আওয়ামী লীগ সভানেত্রীর।
শেখ হাসিনার সফরের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত দুই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান।
আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসইউএম/জেকে/এসকে/২০৪৭ঘ.
bdnews24