চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও জামায়াতের প্রায় সাড়ে নয়শ' নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
গত দুদিনে সদর উপজেলার চারটি ইউনিয়ন এবং পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি-জামায়াতের এ নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে মহাজোটের নির্বাচনী জনসভায় বিএনপির স্থানীয় নেতা অ্যাডভোকেট আলমগীর কবীর ও এনামুল হকের নেতৃত্বে নারায়ণপুর, সুন্দরপুর, চরবাগডাঙ্গা ও রানীহাটি ইউনিয়নের সাড়ে আটশ' নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
আওয়ামী লীগ নেতা আজিম আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস, অ্যাডভোকেট শামসুল হক, অ্যাডভোকেট আবু নজর হোসেন খান, মনিমুদ্দৌলা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় অ্যাডভোকেট আলমগীর কবীর তার দলত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন- বিএনপির সাবেক সাংসদ হারুনুর রশিদ ও তার স্ত্রীর সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দা আসিফা আসরাফী পাপিয়ার দুর্নীতি, স্বেচ্ছারিতাকে।
সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের টিকারামপুর ও চরমহনপুর মহল্লার স্থানীয় জামায়াত নেতা বদিউজ্জামান বদুর নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর আদর্শ মোড়ে আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড কমিটি সভা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোসাহাক আলী মাষ্টার।
সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মণ্ডল, শরিফুল ইসলাম স্বাধীন, তাজিবুর রহমান প্রমুখ।
যোগ দেওয়া জামায়াত নেতা-কর্মীরা বলেন, চারদলীয় জোট নেতাদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে তারা দলত্যাগ করেছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জোরদার করতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24