২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোমান আবার অসুস্থ

বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার আবার অসুস্থ হয়ে পড়েছেন। এবার ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার আবার অসুস্থ হয়ে পড়েছেন। এবার ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে চারদলীয় জোটের প্রার্থী নোমান গত রোববার নির্বাচনী গণসংযোগের সময় অসুস্থ হয়ে এক দিন হাসপাতালে কাটান। তবে সোমবার থেকে পুনরায় নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছিলেন তিনি। নোমানের ছেলে সাঈদ আল নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার ভোরের দিকে বাবা (নোমান) বুকে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তাকে জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।" সাবেক এই মন্ত্রীর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। এনজিওগ্রাম করা হলে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সাঈদ জানান। তিনি বলেন, "গত কয়েকদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগের কারণেই বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।" সাঈদ জানান, এর আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নোমান গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েন। মঙ্গলবার প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেন তিনি। গত রোববার লালখান বাজার এলাকায় গণসংযোগকালে নোমান অসুস্থ হয়ে পড়েন। সোমবার সকাল পর্যন্ত তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯৪০ ঘ.