২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের সূচনাতেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব আনার দাবি

আগামী সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব আনার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা। আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 11:38 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব আনার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা। আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। বিজয় দিবসে মঙ্গলবার ঢাকা সিটি কর্পোরেশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে সেক্টর কমান্ডাররা এ আহ্বান জানান। রাজধানীর উসমানী উদ্যানে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর (ঢাকা ও এর আশপাশের এলাকা) এবং ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধারা অংশ নেন। অনুষ্ঠানে সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধে 'এস' ফোর্সের অধিনায়ক কেএম সফিউল্লাহ বলেন, "আগামী নির্বাচনে কোনও যুদ্ধাপরাধীকে ভোট দেবেন না। এ জন্য সব মুক্তিযোদ্ধাদের এক হতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন। তারাই যুদ্ধাপরাধীদের বিচার করবে। "নতুন সংসদের প্রথম অধিবেশনেই এ প্রস্তাব আনতে হবে।" সেক্টর কমান্ডার সিআর দত্ত বলেন, "সময় এসেছে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার। গত ৩৭ বছর আমরা দ্বিধাবিভক্ত থেকেছি। এখন আর সময় নষ্ট না করে ঐক্যবদ্ধ হতে হবে। "এই নির্বাচনেই মুক্তিযুদ্ধের শক্তিকে ক্ষমতায় এনে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে।" সিআর দত্ত বলেন, "নতুন প্রজম্মের প্রতি আমার আহ্বান, বাংলার আকাশে-বাতাসে ছড়িয়ে দাও- 'যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, তারা যেন কোনোভাবেই নির্বচনে জয়ী হতে না পারে।" সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরী বলেন, "দুষ্ট কীটপতঙ্গ দেশকে আজ গিলে খাওয়ার অপচেষ্টায় লিপ্ত। তাদের এই অপচেষ্টা রুখতে হবে। এদের বিচার করেই দেশটাকে নতুন ভাবে গড়ে তুলতে হবে। "আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় যাক, যুদ্ধাপরাধীদের বিচার করবেন- এই অঙ্গীকার করতে হবে।" আবু উসমান বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করতে। কিন্তু সরকার তা করেনি। এমনকি বিষয়টি আর্ন্তজাতিক আদালত বা জাতি সংঘের কাছেও উত্থাপন করেনি। তারা অন্তত জাতীয় তদন্ত কমিশন গঠন করে যুদ্ধাপরাধীদের সনাক্ত করার কাজটি করে যেতে পারত।" অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এমএ মালেক বলেন, "জীবনবাজি রেখে যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা আজ দিন মজুরের কাজ করছে। স্বাধীনতার পর যত দল ক্ষমতায় এসেছে, সবাই মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছে। আর কিছু বেইমান মুক্তিযোদ্ধা সেই সুবিধা গ্রহণ করেছে।" মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট অকার্যকর থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমীন আহমেদ চৌধুরী বীর বিক্রম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তাদের বিচার না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।" অনুষ্ঠানে একাত্তরের স্মৃতিচারণ করেন, মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক একে খন্দকার বীর উত্তম, এইচএমএ গাফফার বীর উত্তম, আজিজুর রহমান বীর উত্তম, আব্দুল মতিন বীর প্রতীক, আইনউদ্দিন বীর প্রতীক, জাফর ইমাম বীর বিক্রম, নুরুন্নবী বীর বিক্রম, সাবেক সেনাপ্রধান হারুনূর রশীদ, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা। মেয়র বলেন, "ঢাকা মহানরগরীকে মুক্তিযুদ্ধের চেতনার স্বাক্ষরে রূপান্তরিত করতে সিটি কর্পোরেশন বহুমুখী উদ্যোগ নিয়েছে। রাজধানীর ৬০টির বেশি সড়কের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করা হয়েছে ।" মুক্তিবাহিনীর অধিনায়ক এমএজি ওসমানীর নামে ওসমানী উদ্যানকে নতুন রূপে সাজিয়ে ১১টি সেক্টরের বিভিন্ন ঘটনার চিত্র তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। অনুষ্ঠানে কয়েক হাজার মুক্তিযোদ্ধা অংশ নেন। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের কাছে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। একে অন্যকে জড়িয়ে ধরে অনেককে কেঁদে ফেলতেও দেখা যায়। যুদ্ধের স্মৃতিচারণের মাঝে মাঝে অনুষ্ঠানে গান গেয়ে শোনান স্বাধীন বাংলা বেতারের শিল্পী আব্দুল জব্বার, রফিকুল আলম, শাহীন সামাদ, নমিতা ঘোষ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৫২৪ ঘ.