মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তিনটি ছাপাখানায় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনের মোট ৩১ কোটি ব্যালট পেপার ছাপার কাজ চলছে। এর মধ্যে নবম সংসদ নির্বাচনের জন্য প্রায় সাড়ে ৮ কোটি এবং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রায় ২২ কোটি ব্যালট পেপার রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয়ে সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপার কাজ শুরু হয়েছে গত ১৩ ডিসেম্বর। ভোটার সংখ্যা অনুযায়ী, এবার ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮টি ব্যালট পেপার ও ৩ লাখ পোস্টাল ব্যালট পেপার ছাপানো হবে।
কমিশনের কর্মকর্তারা জানান, বিজি প্রেসে ১৫৬টি আসনের ৪ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৯৩৩টি ব্যালট পেপার এবং ১ লাখ ৫৬ হাজার পোস্টাল ব্যালট পেপার ছাপা হবে। গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে ১০৪টি নির্বাচনী এলাকার ২ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৭৯৪টি ব্যালট পেপার ও ১ লাখ ৪ হাজার পোস্টাল ব্যালট এবং সিকিউরিটি প্রেসে ৪০টি আসনের ৯৭ লাখ ১৭ হাজার ৯৭১টি ব্যালট পেপার ও ৪০ হাজার পোস্টাল ব্যালট ছাপা হবে।
সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান জানান, ৩০০ সংসদীয় আসনে ১৫৩৮ জন প্রার্থীর প্রতীক চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার মুদ্রণের কার্যাদেশ দেওয়া হয়। তিনটি প্রেসে প্রথমদিন ২৪টি আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। পর্যায়ক্রমে আরও ৪৪টি আসনের ব্যালট পেপার ছাপানোর চলছে।
নির্বাচনের ৩/৪ দিন আগে প্রয়োজনীয় সব ব্যালট পেপার ছাপানো শেষে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
তারা জানান, সংসদ নির্বাচনের ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে প্রতীক থাকছে। এছাড়া প্রথমবারের মতো ব্যালট পেপারের শেষভাগে 'ক্রস' প্রতীকে 'উপরের কাহাকেও নয়' লেখা না ভোটের প্রচলন হচ্ছে। নবম সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৬৩টি প্রতীক ব্যবহার হচ্ছে।
ফরহাদ আহম্মদ খান জানান, প্রেসে ব্যালট পেপার মুদ্রণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আসনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হবে।
উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন জানান, উপজেলা পরিষদে তিনটি পদে (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) পদে ৩০টি প্রতীক বরাদ্দ রয়েছে।
তিনি জানান, ৪৮১টি উপজেলায় এবার ভোটার রয়েছে ৭ কোটির বেশি। সে হিসাবে তিনটি পদে প্রায় ২১ কোটিরও বেশি ব্যালট পেপার ছাপতে হবে। ব্যালটে শুধু প্রতীক থাকছে বলে আগেই ছাপিয়ে ফেলা হচ্ছে পেপার।
ইতোমধ্যে উপজেলা নির্বাচনের বেশিরভাগ ব্যালট পেপার ছাপানো শেষ হয়েছে। এসব ব্যালট পেপার তিনটি প্রেসে ছাড়াও প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডারে সংরক্ষণ করা হচ্ছে।
তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন হবে।
এদিকে সংসদের ব্যালট পেপার ছাপানো ও সংরক্ষণের সুবিধার্থে উপজেলার ব্যালট পেপার তিন প্রেস থেকে অন্যত্র সংরক্ষণের অনুরোধ জানিয়েছে মুদ্রণ, লেখাসামগ্রী, ফরম ও প্রকাশনা অধিপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০৫৫ ঘ.
bdnews24