ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যেই দুএকটি স্থানে ছোটোখাটো অপ্রীতিকর ঘটনা ঘটছে। সোমবার নড়াইলের মহাজোট প্রার্থী বিমল বিশ্বাস জনসভা চলাকালে অজ্ঞাত ব্যক্তির ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। শরীয়তপুরে মহাজোট প্রার্থী শওকত আলীর নির্বাচনী মিছিলে সন্ত্রাসী হামলা হয়েছে।
নোয়াখালীতে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর সমর্থনে চারমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম দু'টি জনসভায় বক্তব্য রাখেন। পঞ্চগড়ে মহাজোট প্রার্থী মজাহারুল হক প্রধান বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আমাদের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম: আগের নির্বাচনগুলোতে রাস্তার মোড়ে মোড়ে নির্বাচনী ক্যাম্প খোলার প্রতিযোগিতা দেখা গেলেও চট্টগ্রামের প্রার্থীরা এবার গণসংযোগের ওপরই জোর দিচ্ছেন বেশি। পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন কর্মীরা।
গণসংযোগকালে প্রার্থীদের পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠছে প্রতিটি পাড়া-মহল্লা। প্রচারনার সময় কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের একই এলাকায় দেখা হয়ে গেলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আফসারুল আমীন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর লালখান বাজার, ঢেবারপাড়, চাঁনমারী রোড ও বাঘঘোনা এবং বিকেলে উত্তর আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের বাসায় বাসায় গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেন।
এ আসনে তার প্রতিদ্বন্দ্বী চার দলীয় জোটের প্রার্থী ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান রোববার রাতে গণসংযোগকালে অসুস্থ হয়ে নগরীর একটি ক্লিনিকে ভর্তি হন। সুস্থ হবার পর সোমবার দুপুরে তিনি বাসায় যান। সন্ধ্যায় মৌলভীপাড়া ও আগ্রাবাদ এলাকায় গণসংযোগে বের হন তিনি। সকালে তার ছেলে সাঈদ আল নোমান ও সাবেক সাংসদ রোজী কবির দক্ষিণ কাট্টলীতে নোমানের পক্ষে গণসংযোগ করেন।
ডবলমুরিং এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী মোরশেদ মুরাদ ইব্রাহীম ও স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলম প্রচারণা চালাচ্ছেন।
চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) আসনে চার দলীয় জোটের প্রার্থী শামসুল আলম সোমবার নন্দন কানন, বাকলিয়া ও জামালখান এলাকায় গণসংযোগ করেন। তিনি নন্দনকাননে গ্লাস মালিক ও কর্মচারী সমিতির সঙ্গে বৈঠক করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী নুরুল ইসলাম বিএসসি সকালে বকশিরহাট ওয়ার্ডে এবং বিকেলে পাথরঘাটা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনেও জোট-মহাজোট প্রার্থীরা নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ আসনে মহাজোট প্রার্থী এম আবদুল লতিফ ও চার দলীয় জোট প্রার্থী সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগরীর অপর আসন চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) এ চার দলীয় প্রার্থী এরশাদ উল্ল্যাহ ও মহাজোট প্রার্থী জাসদের মঈন উদ্দীন খান বাদলও গণসংযোগ করছেন।
নড়াইল: নড়াইল-১ (কালিয়া-সদর আংশিক) আসনের মহাজোট প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস সোমবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তির ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন।
কালিয়া উপজেলার নরাগাতী থানার খাসিয়াল ইউনিয়নের পুটিমারী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি দীপংকর সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুটিমারী হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগ নেতা শ্যামল টিটো বক্তব্য দেওয়ার সময় মঞ্চের পাশ থেকে বিমল বিশ্বাসকে লক্ষ করে ইট ছোড়া হয়। এতে তার কপাল কেটে যায়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ হামলার প্রতিবাদে মহাজোট সমর্থকরা নড়াইল শহরে বিক্ষোভ মিছিল করেছে।
বিমল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নড়াইল-১ আসনের চারদলীয় জোট এবং এক স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।"
পুলিশের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন।
নরাগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পুলিশের দায়িত্বে অবহেলার কথা অস্বীকার করেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
শরীয়তপুর: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মহাজোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর এক নির্বাচনী মিছিলে রোববার রাতে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে নড়িয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুল ইসলাম খান নিলু (৫০), বিএম মোজাম্মেল হক (৫১), অরুণ খান (৪২), মো. আলী হাওলাদার (৪০) ও খলিল কাজীকে (৩২) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বিএম মোজাম্মেল হক বেপারি বাদী হয়ে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম নুরু বয়াতীসহ ১১ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি মামলা করেছেন।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম খান নিলু জানান, রোববার রাতে ভজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপসী এলাকায় নির্বাচনী কেন্দ্র কমিটির সভা শেষে শওকত আলীর সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিল ভোজেশ্বর দক্ষিণ মাথায় এলে পেছন থেকে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, "নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খান নুরু বয়াতীর সমর্থকরা মিছিলে হামলা করেছে।"
পঞ্চগড়: পঞ্চগড়-১ আসনের মহাজোট প্রার্থী মজাহারুল হক প্রধান সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
দুপুরে চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা হয়। সভায় শিক্ষার্থীরা মহাজোট প্রার্থীর কাছে বিসিএসসহ প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে মেধাবীদের নিয়োগ, জেলা শিক্ষা বৃত্তি, বাংলাবান্ধা স্থলবন্দর পূর্ণাঙ্গরুপে চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মজাহারুল হক প্রধান নির্বাচিত হলে শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো পুরণে উদ্যোগ নেওয়ার প্রতিশ্র"তি দেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য রবিউল ইসলাম রবির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া আনোয়ার, জেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শেখ মিলন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন বাবু, মিরা পারভীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আল আমিন রাজু ও খুলনা মেডিকেল কলেজের ডা. আবু সায়েম রুপম প্রমুখ।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-২ আসনের মহাজোট প্রার্থী হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থনে সোমবার সদরের ভোগডাঙ্গা, ঘোগাদহ ও পাঁচগাছিতে আওয়ামী লীগের কয়েকটি কর্মীসভা হয়।
সভাগুলোতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাফর আলী, আমিনুল ইসলাম মণ্ডল, রাশেদুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
রোববার রাতে রাজারহাট পাইলট উচচ বিদ্যালয় মাঠেও অনুরূপ কর্মীসভা এবং সভাশেষে মিছিল হয়।
সাভার: সাভারের মহাজোট প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ সোমববার সাভার পৌর এলাকার নামাবাজার সিনিয়র ফাজিল মাদ্রাসায় গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- আওয়ামী লীগ নেতা ফিরোজ কবির, আলী হায়দার, মাসুদ চৌধুরী, হাজী আব্দুল গণি প্রমুখ।
অপরদিকে চারদলীয় জোট প্রার্থী দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়ন ও শিমুলিয়া ইউনয়নে গসংযোগ করেন। তিনি বাড়ি বড়ি গিয়ে সবার কাছে ভোট চান।
এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপি নেতা মাহমুদুল হাসান আলম, আশরাফ উদ্দীন খান শাহীন প্রমুখ।
নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর) আসনের ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল হান্নানের সমর্থনে শহরের হরিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং নোয়াখালী-৩ আসনের নজির আহমদের সমর্থনে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে দুটি নির্বাচনী জনসভা হয়।
এ দু'টি সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।
তিনি বলেন, "স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা পৃথিবীর সর্বোচ্চ দুর্নীতিবাজ খেতাবে জাতিকে কলঙ্কিত করেছে। তারা নিজেদের অপরাধ ঢাকতে নির্বাচনী ইশতেহারে নতুন নতুন আশ্বাস দিয়ে জাতিকে আবার ধোঁকা দেওয়ার কৌশল খুঁজছে।
সভাগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি মাহবুবুর রহমান, সিরাজুল করিম, মোশারফ হোসেন, কামাল উদ্দিন প্রমুখ।
ঝিনাইহ: ঝিনাইদহ-২ আসনে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোমবার বিকালে একই মঞ্চ থেকে নিজ নিজ দলের পক্ষে নির্বাাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃংখলা রক্ষা ও সহিংসতা বন্ধের অঙ্গীকার করেন।
জেলা প্রশাসন আয়োজিত ওয়াজির আলি হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রার্থীরা এ অঙ্গীকার করেন। সভায় অনেক ভোটারও উপস্থিত ছিল।
ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি প্রার্থী মো. মসিউর রহমান বলেন, নির্বাচনে যে দল বিজয়ী হবে, আইন শৃংখলা রক্ষায় সে দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম অপু বলেন, নির্বাচনের পরও যেন সবার মাঝে সুসম্পর্ক বজায় থাকে এ পরিবেশ সৃষ্টি করতে হবে। তার দলের কেউ সহিংসতা করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
উপস্থিত অপর তিনি প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের শরাফত হোসেন জোয়ার্দ্দার, পিডিপির মিজানুর রহমান মিজু এবং জাসদ প্রার্ধী রেহেনা আকতার হীরাও এসব অঙ্গীকার করেন।
সভায় জেলা প্রশাসক এ কে এম রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের আগে বা পরে শান্তি শৃঙ্খলায় বিঘ
bdnews24