ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ইসি আপিল খারিজ করে দিলে এর বিরুদ্ধে শহিদুল আলম তালুকদার যে রিট করেন তার পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি জয়নাল আবেদীন এ আদেশ দেন।
এদিকে একই বিষয়ে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দীন খান আলমগীর, কুমিল্লা-১১ আসনে জাতীয় পার্টি প্রার্থী কাজী জাফর আহমেদ, বরিশাল-১ বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও চাঁদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী মো. আব্দুল হান্নানের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ মহিউদ্দীন খান আলমগীর ও কাজী জাফর আহমেদের রিট খারিজ করে দেন।
শুনানিতে আদালত অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় মহিউদ্দীন খান আলমগীরের ১০ বছর কারাদণ্ড হওয়ার কথা উল্লেখ করেন। অন্য একটি মামলায় কারাদণ্ড হওয়ায় কাজী জাফরেরও রিট খারিজ করে আদালত।
অন্যদিকে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকির বেঞ্চ ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও মো. আব্দুল হান্নানের রিট খারিজের আদেশ দেয়।
মহিউদ্দীন খান আলমগীরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, কাজী জাফর আহমেদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল হান্নানের পক্ষে শুনানিতে অংশ নেন এম জহির।
নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী।
অ্যাডভোকেট প্রবীর নিয়োগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট আজ যাদের রিট খারিজ করে দিলো, তারা আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তারা আপিল বিভাগে আপিল করতে পারেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২০৩৬ঘ.
bdnews24