সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
যশোর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন বানচালের 'ষড়যন্ত্র' চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর পরিণতি হবে ভয়াবহ।
নির্বাচনী প্রচারে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরে থাকা খালেদা জিয়া সোমবার যশোর, সাতক্ষীরা ও খুলনার কয়েকটি সভায় এ হুঁশিয়ারি দেন। তিনি এসময় আরো বলেন, "চারদলীয় জোট সরকারে থাকা অবস্থায় মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল।"
তাদের ক্ষমতায় ফিরে আসা ঠেকাতেই ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করা হয় বলে দাবি করেন খালেদা।
দুপুরে যশোর টাউন হল মাঠে জনসভার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেষ দিনের প্রচারণা শুরু করেন খালেদা জিয়া। এরপর সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল মাঠ, খুলনার ডুমুরিয়া কলেজ মাঠ, বাগেরহাটের খান জাহান আলী কলেজ মাঠ ও নোয়াপাড়া শহীদ স্মৃতি কলেজ মাঠে ভাষণ দেন। সবগুলো জনসভাতেই প্রচুর জনসমাগম হয়। খুলনার রূপসা থানার পালের হাটে শেষ জনসভায় অংশ নেওয়ার পর রাত সোয়া ১০টার দিকে রাজধানীর উদ্দেশে রওয়ানা হন খালেদা।
এর আগে রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারণার প্রথমদিনে মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরায় ১৮টি জনসভায় বক্তব্য দেওয়ার পর যশোর পৌঁছান তিনি।
সোমবার দুপুর সাড়ে ১২টায় যশোর টাউন হল মাঠে জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারপার্সন।
তিনি বলেন, "বিএনপির পক্ষে গণজোয়ার দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বানচালের পরিণতি হবে ভয়াবহ। জনগণ এটা সহ্য করবে না।"
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, "২০০১ এর মতো এবারও ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখছি। এ দেখে ঘরে বসে কেউ কেউ নতুন করে ষড়যন্ত্র করছে কি না, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।"
নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "একটি দলের পক্ষে প্রশাসনকে সাজিয়ে রাখা হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে।"
বিএনপি চেয়ারপারসন বলেন, "গত দুই বছর দেশকে কারাগার বানিয়ে রাখা হয়েছে। দেশবাসী এ অবস্থা থেকে মুক্তি চায়।"
প্রকৃত দুর্নীতিবাজ ঠিকই নিরাপদে রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, "দেশকে রাজনীতিশূন্য করতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধিদের ওপর দমন-পীড়ন চলেছে। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার নির্যাতন চালানো হয়েছে।"
গত দুই বছরে তার পরিবারের ওপর নির্যাতন হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, "আমাকে বিদেশ পাঠাতে না পেরে আমার দুই ছেলেকে (তারেক রহমান ও আরাফাত রহমান কোকা) গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। সুস্থ অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। অথচ, তারা জেল থেকে বের হয় স্ট্রেচারে করে, অক্সিজেন মাস্ক মুখে নিয়ে।"
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, "উন্নতির ওই ধারাকে ব্যাহত করতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। লগি-বৈঠার নৈরাজ্যকর রাজনীতি দিয়ে ওয়ান-ইলেভেনের পরিস্থিতি তৈরি করা হয়। এ সবই ছিল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র।"
তিনি বলেন, "চারদলীয় জোট সরকারে থাকা অবস্থায় মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল। ২২ জানুয়ারি নির্বাচন হলে চারদলীয় জোটকে আবার ক্ষমতায় পাঠানো জনগণ। তাতে দেশের আরও উন্নতি হতো। কিন্তু কেউ কেউ তা চায়নি। তাই ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বানচাল করা হয়েছে।"
দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, "আসুন সবাই মিলে দেশ বাঁচাই, মানুষ বাঁচাই। গণতন্ত্র ফিরিয়ে আনি।"
এ জনসভায় যশোরের ছয়টি আসনে চারদলীয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান খালেদা। এই প্রার্থীরা হলেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম (যশোর-৩), টিএস আইয়ূব (যশোর-৪), আবুল হোসেন আজাদ (যশোর-৬), জামায়াত নেতা আজিজুর রহমান (যশোর-১), শাহাদাৎ হোসাইন (যশোর-২) এবং ইসলামী ঐক্যজোট নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (যশোর-৫)।
যশোর সদর আসনের প্রার্থী সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া বলেন, "তিনি (তরিকুল) এক জন পরীক্ষিত ও ত্যাগী নেতা। এ জন্য তার ওপর অনেক নির্যাতন হয়েছে। আপনারা তাকে ভোট দেবেন।"
সাতক্ষীরার কলারোয়ার জনসভায় খালেদা জিয়া নির্বাচন বানচালের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "চার দল জিতবে বলে ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করা হয়েছিল। এবারো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এবার নির্বাচন বানচাল করা হলে জনগণ তা প্রতিরোধ করবে।"
এই জনসভায় তিনি বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মাওলানা আব্দুল খালেক মণ্ডল, এম এ রিয়াসাত আলী ও গাজী নজরুল ইসলামকে চারদলীয় জোট প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ভোট চান।
সংসদীয় আসন সীমানা পুনর্বণ্টনে সাতক্ষীরায় আসন পাঁচটি থেকে কমিয়ে চারটি করার সমালোচনা করে খালেদা বলেন, ক্ষমতায় গেলে সাতক্ষীরার আসনগুলো 'ঠিক রাখার' ব্যবস্থা করা হবে।
ডুমুরিয়া কলেজ মাঠে আয়োজিত জনসভায় চারদলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াতের মিয়া গোলাম সরোয়ারের জন্য ভোট চান খালেদা জিয়া।
তিনি বলেন, "গোলাম সরোয়ার যোগ্য ও সৎ ব্যক্তি। তাকে দাড়িপাল্লায় ভোট দিয়ে সংসদ প্রতিনিধি নির্বাচিত করুন।"
বাগেরহাট গিয়ে বিএনপি নেত্রী খান জাহান আলী কলেজ মাঠে জনসভায় ভাষণ দেন। চারদলীয় জোট প্রার্থী বাগেরহাট-২ আসনে বিএনপির এম এ সালাম, বাগেরহাট-৩ আসনে জামায়াতের আব্দুল ওয়াদুদ ও বাগেরহাট-৪ আসনে জামায়াতের শহীদুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান।
এরপর তিনি হজরত খান জাহান আলীর (র.) মাজার জিয়ারত করেন।
শেষ বিকেলে বাগেরহাট-১ আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। এ আসনে চারদলীয় জোট প্রার্থী বিএনপির শেখ ওয়াহিদুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।
খালেদা বলেন, "দিপুকে ভোট দিন। সে যোগ্য প্রার্থী। আগে অনেককেই ভোট দিয়ে আপনারা বিজয়ী করেছেন, এবার দিপুকে ভোট দিয়ে বিজয়ী করুন। ধানের শীষ উন্নয়নের প্রতীক। ধানের শীষে ভোট দিলে দেশের অগ্রগতি নিশ্চিত হবে।"
সভা শেষে খুলনা সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজ মাঠে ভাষণ দেন তিনি।
জনসভায় চারদলীয় জোট প্রার্থী হিসেবে খুলনা-১ আসনে বিএনপির আমীর এজাজ খান, খূলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে বিএনপির কাজী মো. শাহ সেকেন্দার আলী, খুলনা-৪ আসনে বিএনপির শরীফ শাহ কামাল, খুলনা-৫ আসনে জামায়াতের গোলাম সারোয়ার, খুলনা -৬ আসনে জামায়াতের রুহুল কুদ্দুসকে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান।
খালেদা জিয়া বলেন, "নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ২৯ ডিসেম্বর নির্বাচন না হলে তার দায় এই সরকারকেই বহন করতে হবে। আর নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে মানুষ ঘরে বসে থাকবে না। কোনো আইন দিয়ে তাদের আটকে রাখা যাবে না।"
এরপর রূপসা পালের হাট মাঠের জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারপার্সান। জনসভায় তিনি স্থানীয় বিএনপি প্রার্থী শাহ শরীফ কামালের পক্ষে ভোট চান। এ জনসভার পর রওনা হন ঢাকার উদ্দেশে।
এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন বিএনপির সহ-সভাপতি সারোয়ারী রহমান।
গত শনিবার দলের ইশতেহার প্রকাশের এক দিন আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামেন বিএনপি চেয়ারপারসন। শুক্রবার সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সমাবেশে বক্তব্য দেন তিনি। এছাড়া ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের পরপরই শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীতে বেশ কয়েকটি জনসভায় বক্তৃতা করেন।
* বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু (যশোর), আসাদুজ্জামান আসাদ (বেনাপোল), সুবীর রায় (খুলনা),
কামরুল হাসান (সাতক্ষীরা) ও অলীপ ঘটক (বাগেরহাট) এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জেকে/২৩০২ ঘ.
bdnews24