ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, "আমরা আপনাদের মূল্যবান ভোটে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবো না।"
দৃশ্যত ডানপন্থী ও ধর্মভিত্তিক রাজনীতি করা প্রতিপক্ষের প্রথাগত প্রচারণার ব্যাপারে ভোটারদের আশঙ্কা দূর করতে ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগ প্রধান এ আশ্বাস দেন।
শেখ হাসিনা সোমবার বিকেলে ঢাকা-১৩ আসনের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের সমর্থনে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। (আরো তথ্যসহ)
ঢাকা-১৩ আসনের ভোটারদের একটি বড় অংশ আটকে পড়া অবাঙালি।
হাসিনা তাদের উদ্দেশে বলেন, "যারা এ দেশে জন্ম নিয়েছে, তারা এদেশের নাগরিক। তারা বাংলাদেশকে নিজের দেশ হিসেবে মেনে নিলে চাকরিসহ সব রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।"
এর আগে কারওয়ান বাজারে ঢাকা-১১ আসনে দলীয় প্রার্থী আসাদুজ্জামান খান কামালের সমর্থনে নির্বাচনী জনসভা করেন হাসিনা। ওই সমাবেশে শেখ হাসিনা অঙ্গীকার করেন আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ঢাকাকে উন্নত নগরী হিসেবে গড়ে তোলা হবে।
সাবেক প্রধানমন্ত্রী বায়ু দূষণ রোধ করা এবং ঢাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে' দোতলা' রাস্তা, মনোরেল ও পাতাল রেল চালু করা হবে বলেও ঘোষণা দেন।
পাশাপাশি ইশতেহারের ঘোষণা অনুযায়ী সবার জন্য শিক্ষা, বিদ্যুৎ উৎপাদন এবং পানি সমস্যা সমাধান করার আশ্বাস দেন তিনি।
শেখ হাসিনা বলেন, "জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হলে সমাজ থেকে সন্ত্রাস ও দুর্নীতি দূর করা হবে।"
আসাদুজ্জামান খান কামালকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় করে দিয়ে তিনি বলেন, "উনারাই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আশাকরি ২৯ তারিখ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনবেন।"
হাসিনা জনগণের প্রতি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমল ও বিগত চারদলীয় জোট সরকারের সময় দ্রব্যমূল্যসহ উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, "যারা মানুষের স্বাধীনতা হরণ করেছে তাদের ক্ষমতায় আসার কোনো অধিকার নেই। এখন স্পষ্ট হয়ে গেছে ক্ষমতায় আসার জন্য কারা কতো ভুয়া ভোটার তৈরি করেছে।"
তিনি বলেন, "ওই সময় দেশের জনগণ অনেক কষ্ট পেয়েছে। আমাকে জেল জুলুম সহ্য করতে হয়েছে। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই আমি জেল জুলুম পরোয়া করি না।
হাসিনা বলেন, "আমি জাতির জনকের কন্যা। আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি, আগামীতেও করবো। আপনাদের দেওয়া ওয়াদা রক্ষা করতে প্রয়োজনে আমি আমার বাবার মতো বুকের রক্ত দেবো।"
এসময় ঢাকা-৭ আসনে দলীয় প্রার্থী ড. মোস্তফা জালাল মহিউদ্দিনও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভানেত্রী মোস্তফা জালাল মহিউদ্দিনকে সমবেত জনগণের মধ্যে পরিচয় করে দিয়ে বলেন, "আমি আপনাদের কাছে একজন সুশিক্ষিত, ভদ্র সন্তান তুলে দিলাম। আপনাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। ধরে নিন ও আমার ছেলে।"
কারওয়ান বাজারে জনসভার পর শেখ হাসিনা সরাসরি চলে যান হাজারিবাগ পার্ক মাঠে। সেখানে তিনি ঢাকা-১২ আসনের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে প্রচারাভিযান চালান।
সন্ধ্যায় ঢাকা-১৪ আসনের আ.লীগ প্রার্থী আসলামুল হক আসলামের সমর্থনে মীরপুর বুদ্ধিজীবী গোরস্থান ঈদগাহ মাঠে বক্তব্য দেন হাসিনা।
এ সমাবেশে হাসিনা অঙ্গীকার করেন, নির্বাচিত হলে এলাকার পরিত্যক্ত জমিতে গৃহহীনদের জন্য গৃহায়নের ব্যবস্থা করা হবে। এছাড়া মীরপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
ওই নির্বাচনী সমাবেশে স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাতেন শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
এদিকে, ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লার নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন তার বড় ভাই ঢাকা মহানগর বিএনপির সহ সভাপতি এবং পল্লবী থানা বিএনপির সভাপতি একলাস উদ্দিন মোল্লা। ২নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার জাতীয় পার্টি নেতা আব্দুস সালাম মোড়লও এসময় আওয়ামী লীগে যোগ দেন ।
পল্লবী থানা মাঠে অনুষ্ঠিত ওই নির্বাচনী জনসভায় শেখ হাসিনা সেখানে বসবাসরত আটকে পড়া অবাঙালিদের উদ্দেশে বলেন, "আপনারা নাগরিকত্ব নিয়ে থেকে যান। আপনাদের জন্য যা করার আমরা তা করবো।"
মীরপুর ও পল্লবী এলাকার গার্মেন্টস কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন আওয়ামী লীগ প্রধান।
রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা-১৫ আসনে দলীয় প্রার্থী কামাল আহমেদ মজুমদারের সমর্থনে কাফরুল আদর্শ স্কুল মাঠে এক জনসভায় বক্তব্য দেন। পরে উত্তরার আমির কমপ্লেক্সের সামনে আরেক সমাবেশে ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুনের সমর্থনে বক্তৃতা দেন তিনি।
এসব সভায় আওয়ামী লীগ প্রধান নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, "ভোটারদেরই সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়ন চায় নাকি অপশাসন চায়।"
এসময় তিনি ঢাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জিএনএ/এসকে/২০৫৬ঘ.
bdnews24